20.5 C
London
October 6, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

৩০ হাজার পাউন্ডের বেশি আয়কারীদের নতুন কর নিয়মঃ প্রস্তুতির জন্য সতর্ক করল এইচএমআরসি

যুক্তরাজ্যে ৩০ হাজার পাউন্ডের বেশি বার্ষিক আয় করা একক ব্যবসায়ী ও বাড়িওয়ালাদের জন্য নতুন কর ব্যবস্থাপনা ব্যবস্থা চালু হতে যাচ্ছে। আগামী বছরের ৬ এপ্রিল থেকে তাদের জন্য ‘মেকিং ট্যাক্স ডিজিটাল’ বা এমটিডি ব্যবস্থা বাধ্যতামূলক হবে বলে জানিয়েছে এইচএমআরসি।

এইচএমআরসি জানিয়েছে, ২০২৭ সালের ৬ এপ্রিল থেকে যেসব একক ব্যবসায়ী ও বাড়িওয়ালার মোট আয় ৩০ হাজার পাউন্ডের বেশি, তাদের ডিজিটাল রেকর্ড রাখতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার ব্যবহার করে আয়ের ও ব্যয়ের হিসাব জমা দিতে হবে।

কর্তৃপক্ষের হিসাবে, নতুন নিয়মের আওতায় প্রায় ১০ লাখ ৭৭ হাজার অতিরিক্ত একক ব্যবসায়ী ও বাড়িওয়ালা আসবেন। তাদের প্রতি তিন মাসে আয় ও ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব এইচএমআরসির কাছে জমা দিতে হবে। তবে এসব ত্রৈমাসিক হিসাব আলাদা কোনো কর রিটার্ন নয়; এগুলো মূলত আয় ও ব্যয়ের সংক্ষিপ্ত তথ্য।

এইচএমআরসির ‘মেকিং ট্যাক্স ডিজিটাল’ বিভাগের পরিচালক ক্রেগ ওগিলভি বলেন, ইতোমধ্যে কয়েক লাখ একক ব্যবসায়ী ও বাড়িওয়ালা সফলভাবে এই ডিজিটাল ব্যবস্থার আওতায় রয়েছেন। নতুন গ্রুপের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার সময় এসেছে।

তিনি বলেন, আগেভাগে নিবন্ধন করলে বাধ্যতামূলক হওয়ার আগে প্রক্রিয়াটি সম্পর্কে ধারণা নেওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ পাওয়া যাবে।

এইচএমআরসি জানিয়েছে, ৩০ হাজার পাউন্ডের সীমা নির্ধারণের ক্ষেত্রে শুধু করযোগ্য মুনাফা নয়, ব্যবসা বা সম্পত্তি থেকে পাওয়া মোট আয় বা টার্নওভার বিবেচনা করা হবে। অর্থাৎ কর ছাড় বা খরচ বাদ দেওয়ার আগের মোট আয় হিসাব করা হবে।

কর্তৃপক্ষের পরামর্শ, যাদের এই সীমার ওপরে আয় রয়েছে তারা এখনই নিজেদের যোগ্যতা যাচাই করে নিবন্ধনের প্রস্তুতি নিন এবং উপযুক্ত সফটওয়্যার নির্বাচন করুন। এতে শেষ মুহূর্তের চাপ এড়ানো সম্ভব হবে।

বর্তমানে ৫০ হাজার পাউন্ডের বেশি আয় করা একক ব্যবসায়ী ও বাড়িওয়ালাদের জন্য মেকিং ট্যাক্স ডিজিটাল ব্যবস্থা চালু রয়েছে। ২০২৭ সালের এপ্রিলে সীমা কমিয়ে ৩০ হাজার পাউন্ড করা হবে। এরপর ২০২৮ সালের এপ্রিল থেকে সীমা আরও কমিয়ে ২০ হাজার পাউন্ড করার পরিকল্পনা রয়েছে।

সূত্রঃ সারে লাইভ

এমকে

আরো পড়ুন

এক দশকের লড়াইয়ের পর মুক্ত আকাশের নিচে আলা আবদেল ফাত্তাহ, যুক্তরাজ্যে পুনর্মিলন

যুক্তরাজ্যে ভারী তুষারপাতের সম্ভাবনা

ব্রিটেনের ওয়াটফোর্ডে মুসলিম কবরস্থানে ৮৫টি কবর ভাঙচুর, তদন্তে পুলিশ