24.4 C
London
July 2, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অবৈধ কর্মী নিয়োগে পূর্ব লন্ডনের ২০ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

পূর্ব লন্ডজুড়ে অবৈধভাবে কর্মী নিয়োগের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে লাখ লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্য সরকার। সরকারের অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত তদন্তে এসব প্রতিষ্ঠান অভিবাসন আইন লঙ্ঘন করে বৈধ কর্ম-অনুমতিহীন ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

গত ১৮ জুন প্রকাশিত তালিকায় পূর্ব লন্ডনের হ্যাভারিং, বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম, রেডব্রিজ, নিউহ্যাম, টাওয়ার হ্যামলেটস এবং ওয়ালথাম ফরেস্ট এলাকার মোট ২০টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে টাওয়ার হ্যামলেটসের লাহোর ওয়ান রেস্টুরেন্টকে, যার বিরুদ্ধে ১ লাখ ৩৫ হাজার পাউন্ড জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়া রেডব্রিজের এম এ বিল্ডার্স লন্ডন লিমিটেড এবং টাওয়ার হ্যামলেটসের মিস্টার ওয়ংস ওয়ক অ্যান্ড বক্স—উভয় প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে।

হ্যাভারিং এলাকায় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ম্যাসভিড কনস্ট্রাকশন এবং রেড কন্ট্রাক্টরসকে ৪৫ হাজার পাউন্ড করে, যোগী নিউজ অ্যান্ড অফ লাইসেন্সকে ৪০ হাজার পাউন্ড এবং হোয়াইট রোজ রেস্টুরেন্টকে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যামের একমাত্র প্রতিষ্ঠান জে ফুড অ্যান্ড ওয়াইনকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

রেডব্রিজে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে নাওয়াল পিওর মিঠাইকে ৮০ হাজার পাউন্ড, এ অ্যান্ড টিকে৯ সার্ভিসেস লিমিটেডকে ৪৫ হাজার পাউন্ড এবং স্টার ফ্রুট অ্যান্ড ভেজ, এইচএফসি এক্সপ্রেস ও কোয়ালিটি অ্যাপ্লায়েন্সেসকে ৪০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে।

নিউহ্যামের থাট্টুকাডা রেস্টুরেন্টকে ৩১ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটসে আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরোইরো লিমিটেড ও হ্যালো বাবলসকে ৪৫ হাজার পাউন্ড করে, খানস ক্লোদিং ও এস টি ম্যানেজ লিমিটেডকে ৪০ হাজার পাউন্ড করে এবং টিজিএফ পিজ্জাকে ১৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

এছাড়া ওয়ালথাম ফরেস্টের কিউডব্লিউএইচ ড্রাইলাইনিং লিমিটেডকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং শ্রমবাজারে বৈধতা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। নিয়োগকর্তাদের অবশ্যই নতুন কর্মী নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করার অধিকার (রাইট টু ওয়ার্ক) যাচাই করতে হবে।

সরকার আরও সতর্ক করে বলেছে, কোনো প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে কাজ করার বৈধ অনুমতি নেই এমন ব্যক্তিকে নিয়োগ দিলে তাদের বিরুদ্ধে সীমাহীন অঙ্কের জরিমানা, ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং দায়ী ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

একই সঙ্গে জনগণকে অবৈধভাবে কাজ করার সন্দেহজনক ঘটনা সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। পরিচয় গোপন রেখে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের হটলাইনে অভিযোগ জানানো যাবে বলে জানানো হয়েছে।

সরকারের দাবি, অভিবাসন আইন কার্যকরভাবে বাস্তবায়ন, অবৈধ কর্মসংস্থান রোধ এবং নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্রঃ রমফোর্ড রেকর্ডার

এম.কে

আরো পড়ুন

ভিসা নিয়ে বড় ঘোষণা দিলো যুক্তরাজ্য

নাইজেল ফারাজকে প্রধানমন্ত্রী হওয়া আটকাতে নির্বাচনি জোট জরুরি

টিউলিপকে লন্ডনে ১০ কোটির ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী