20.2 C
London
October 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আয়ারল্যান্ডে বাড়িতে আগুনঃ দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু

আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ড শহরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বার্চউড এলাকার একটি বাড়িতে ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৫টার কিছু পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

এক বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে পৌঁছেই দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় দোতলা বাড়িটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়।

আয়ারল্যান্ডের পুলিশ বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে নিহতদের পরিচয় ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এ ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ঘটনার বিস্তারিত তথ্য এখনো সামনে আসছে।

ডাবলিনে মন্ত্রিসভার বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, যারা প্রাণ হারিয়েছেন এবং যারা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার জন্য তার চিন্তা ও প্রার্থনা রয়েছে।

আয়ারল্যান্ডের প্রতিমন্ত্রী জন কামিন্সও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, জরুরি সেবাকর্মীদের একটি ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। বার্চউডের এই মর্মান্তিক প্রাণহানিতে ওয়াটারফোর্ড শহরজুড়ে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় নিহতদের স্বজন, বন্ধু, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের প্রতি সমবেদনা জানিয়েছেন জন কামিন্স।

অগ্নিকাণ্ডের কারণ এবং ঘটনার অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সূত্রঃ স্কাই নিউজ

এমকে

আরো পড়ুন

ম্যাসাজ পার্লার থেকে সুড়ঙ্গ কেটে গয়নার দোকানে চুরির চেষ্টাঃ লন্ডনে ৭ লাখ পাউন্ডের চোরচক্র ধরা

যুক্তরাজ্য-ইরান সম্পর্কে অবনতি, ইরানি প্রভাব রোধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য

মাতৃভূমি বাংলাদেশে আরও বেশি আসতে চাইঃ যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি রূপা হক