ব্রিটেনের সুইন্ডন শহরের কেন্দ্রস্থলে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার আয়োজন করতে যাচ্ছে সুইন্ডন বেঙ্গলি কালচারাল সোসাইটি (এসবিসিএস)। আগামী ১৬ অক্টোবর শুক্রবার থেকে ২০ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত রিজেন্ট স্ট্রিটের ৫৫–৬১ নম্বর ঠিকানায় ভেন্যু থ্রিতে এ উৎসব অনুষ্ঠিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এ আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি। অনুষ্ঠানে প্রবেশ সম্পূর্ণ বিনা মূল্যে।
এর আগে গত ১০ অক্টোবর শনিবার সুইন্ডন হিন্দু মন্দিরে মহালয়ার অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। এতে শত শত ভক্ত অংশ নেন। দেবীপক্ষের সূচনা ও দেবী দুর্গার আগমন উপলক্ষে ভক্তিমূলক সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
মহালয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ সংসদ সদস্য হেইডি আলেকজান্ডার। তার উপস্থিতি সুইন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেছে বলে জানিয়েছে আয়োজক সংগঠনটি।
পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার প্রতিদিন সকালে পূজার আনুষ্ঠানিকতা, প্রার্থনা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে ধর্মীয় অনুষ্ঠান। প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। এতে বাংলা গান, নাচ, ঐতিহ্যবাহী ধুনুচি নাচ এবং পরিবারের সদস্যদের জন্য বিনোদনমূলক পরিবেশনা থাকবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবক, শেফ ও পৃষ্ঠপোষকদের সহযোগিতায় দর্শনার্থীদের বিনা মূল্যে ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও প্রসাদ পরিবেশন করা হবে।
সুইন্ডন বেঙ্গলি কালচারাল সোসাইটির এক মুখপাত্র বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য, বন্ধুত্ব ও সামাজিক ঐক্যেরও উদ্যাপন। সুইন্ডন ও আশপাশের এলাকার সব ধর্ম ও পটভূমির মানুষকে উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সংগঠনটি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে। এ দুর্গাপূজার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মকে নিজেদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে পরিচিত করার প্রত্যাশা করছে আয়োজকরা।
সূত্রঃ সুইন্ডন অ্যাডভার্টাইজার
এমকে

