19.2 C
London
September 23, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের মধ্যেই পুতিনকে জি২০-তে আমন্ত্রণ ট্রাম্পেরঃ কূটনৈতিক চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ডিসেম্বরের জি২০ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন।

আগামী ডিসেম্বর মাসে মিয়ামিতে জি২০ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনটি ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ ক্লাবে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। পুতিন আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে উপস্থিত হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে তার সরাসরি সাক্ষাতের সম্ভাবনা তৈরি হবে।

মার্ক রুবিও বলেন, মতবিরোধ থাকা ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করলে সমস্যার সমাধান করা কঠিন। তার ভাষ্য, পুতিনকে জি২০-তে আমন্ত্রণ জানানোর মাধ্যমে রুশ প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টসহ বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হবে। ওয়াশিংটন আশা করছে, পুতিন আমন্ত্রণ গ্রহণ করবেন।

তবে পুতিন সম্মেলনে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। রাশিয়া জি২০-এর সদস্য হিসেবে রয়েছে, কিন্তু ২০১৯ সালের পর পুতিন কোনো জি২০ নেতাদের সম্মেলনে সরাসরি উপস্থিত হননি। ২০২৩ সালের সম্মেলনে তিনি ভার্চুয়ালি একটি অধিবেশনে অংশ নিয়েছিলেন।

ইউক্রেন ইস্যুতে ব্রিটেনের অবস্থান রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাব্য এই পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্ষমতায় আসার পর নিজের প্রথম বিদেশ সফরেই ইউক্রেন সফর করেন এবং দেশটির প্রতি ব্রিটিশ সমর্থন পুনর্ব্যক্ত করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বার্নহ্যাম ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে আরও সহায়তা, বিশেষ করে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিষয়ে সমর্থন জানিয়ে আসছেন।

পুতিনের আমন্ত্রণকে পার্লামেন্টের ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান লর্ড বিমিশ ‘অসাধারণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। টাইমস রেডিওকে তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান রুশ সামরিক অভিযান বন্ধ হওয়াকে যেকোনো আলোচনার পূর্বশর্ত হওয়া উচিত।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের প্রতি ব্রিটেন ও তার মিত্রদের সমর্থন অব্যাহত থাকবে এবং রাশিয়ার মন্ত্রীদের প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধের বাস্তবতা জানিয়ে রক্তপাত বন্ধের আহ্বান জানানো উচিত।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই যুদ্ধের অবসান চায় এবং তিনি একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথা উল্লেখ করেন। একই সময়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিষয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে আলোচনা চলছে বলেও জানা গেছে।

জি২০ সম্মেলনে পুতিন উপস্থিত হলে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেনসহ অন্যান্য বিশ্বনেতার সরাসরি আলোচনার সুযোগ তৈরি হতে পারে। তবে পুতিনের অংশগ্রহণ এখনো নিশ্চিত না হওয়ায় সম্মেলনে সম্ভাব্য বৈঠক বা কোনো চুক্তির বিষয়ও এখনো অনিশ্চিত।

সূত্রঃ এএফপি

এমকে

আরো পড়ুন

দুর্নীতিগ্রস্ত আসামিকে আশ্রয়ঃ যুক্তরাজ্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পাঠাচ্ছে মেক্সিকো

৫ বছরের ভিসায় পরিবারসহ অস্ট্রেলিয়ায় বসবাসের সুযোগ, জানুন আবেদন প্রক্রিয়া

শত শত মসজিদ বন্ধ করে দিচ্ছে চীন