TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

ইতালির বিচার ব্যবস্থায় ইতিহাস গড়লেন এক বাংলাদেশি

ইতালির পালেরমো শহরে বসবাসরত বাংলাদেশি তরুণ সাইদুল আব্দুল আইন পেশায় এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। ইতালীয় শিক্ষা ব্যবস্থায় আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি পেশাদার অ্যাডভোকেট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছেন। এর মাধ্যমে তিনি ইতালিতে আইন বিষয়ে পড়াশোনা করে অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি অর্জনকারী প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন।

দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অদম্য প্রচেষ্টার মাধ্যমে সাইদুল আব্দুল ইতালির জটিল আইন শিক্ষা কার্যক্রম ও পেশাগত পরীক্ষার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করেন। ইতালির বিচার ব্যবস্থায় একজন পেশাদার আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হিসেবে বিবেচিত হলেও তিনি তা সফলতার সঙ্গে সম্পন্ন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, মানুষের অধিকার রক্ষায় কাজ করার স্বপ্ন নিয়ে তিনি ইতালিতে নিজের শিক্ষাজীবন শুরু করেছিলেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ধাপে ধাপে ইতালীয় মূলধারার বিচার ব্যবস্থায় নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হন।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে সাইদুল আব্দুলের এই অর্জন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। বিশেষ করে ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি তরুণ-তরুণীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, তার এই সাফল্য প্রমাণ করেছে যে অধ্যবসায় ও সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরাও ইউরোপের বিভিন্ন মর্যাদাপূর্ণ পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাইদুল আব্দুল বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ইতালিতে বসবাসরত পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশি তরুণ-তরুণী ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণ করে আইন, চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তিনি নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, শিক্ষা ও দক্ষতাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। তাই উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে মূলধারার সমাজে নিজেদের অবস্থান তৈরি করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সাইদুল আব্দুলের এই ঐতিহাসিক অর্জন ইতালিতে বাংলাদেশি কমিউনিটির মর্যাদা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

পনের বছরের গবেষণার ফল প্রকাশ করল লন্ডন সালাহ টাইমটেবিল ইউনিফাইড উলামা কমিটি

লন্ডনে বাংলাদেশিদের নৌকা বাইচ উৎসব ১ আগস্ট

অনলাইন ডেস্ক

পাঁচ বছরের ধৈর্যের ফসল, প্রবাসী সেলিমের হাত ধরে মরুভূমিতে স্বপ্নের কাঁঠালবাগান