ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণের বিষয়ে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বুধবার পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই সংঘাতে যুক্তরাজ্যের জড়ানোর প্রশ্নই আসে না। তিনি জোর দিয়ে বলেন, “এটি আমাদের যুদ্ধ নয়,” এবং এ বিষয়ে নিজের অবস্থান থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই।
এর আগে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে গত বছর স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শর্ত যেকোনো সময় পরিবর্তন করা সম্ভব। তার এই মন্তব্যের পরপরই স্টারমার এমন প্রতিক্রিয়া জানান।
পার্লামেন্টে বক্তব্যে কিয়ার স্টারমার বলেন, তাকে ভিন্ন অবস্থান নিতে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে এবং সাম্প্রতিক ঘটনাও সেই চাপেরই অংশ। তবে তিনি স্পষ্ট করেন, যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী হওয়ায় এই যুদ্ধে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশের স্বার্থ বিবেচনায় তার অবস্থান নির্ধারিত এবং তা পরিবর্তনের কোনো সুযোগ নেই।
সূত্রঃ বিবিসি
এম.কে

