14.8 C
London
April 27, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

এক বছরের পর শেষের পথে বার্মিংহাম পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘট

চাকরি, বেতন এবং কর্মপরিস্থিতি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক বছরের বেশি সময় ধরে চলা বার্মিংহামের ময়লা সংগ্রহ কর্মীদের ধর্মঘট অবশেষে শেষের পথে বলে জানিয়েছে সিটি কাউন্সিল।

কাউন্সিল নেতা জন কটন বলেছেন, আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং এখন একটি সমঝোতামূলক সমাধান “দৃষ্টিসীমার মধ্যে” রয়েছে।
সোমবার এক বিবৃতিতে জন কটন বলেন, “মাসের পর মাস হতাশা ও বিলম্বের পর, ১২ মাসেরও বেশি সময়ে এই প্রথমবারের মতো আলোচনার মাধ্যমে ধর্মঘট শেষ করার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।”

তিনি জানান, দীর্ঘ আলোচনার পর একটি নতুন ও উন্নত প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে, যা শ্রমিকদের প্রধান উদ্বেগগুলো সমাধান করতে পারে। তার মতে, এই চুক্তি কর্মীদের জন্য ন্যায্য হবে, একই সঙ্গে করদাতাদের অর্থের যথাযথ মূল্য নিশ্চিত করবে এবং ভবিষ্যতে সমান বেতন সংক্রান্ত নতুন আইনি জটিলতা তৈরি করবে না।

জন কটন আরও বলেন, “এটি একটি কঠিন ও জটিল প্রক্রিয়া ছিল। তবে আমি বিশ্বাস করি, এমন শর্ত তৈরি করা সম্ভব হবে যাতে ইউনাইট সদস্যরা একমত হয়ে এই ধর্মঘট একবারের জন্য শেষ করতে পারেন।”

অন্যদিকে শ্রমিক সংগঠন ইউনাইট এই অগ্রগতিকে তাদের সংগ্রামের সাফল্য হিসেবে দেখছে। সংগঠনটি বলেছে, কাউন্সিল নেতার বক্তব্য প্রমাণ করে যে কর্মীদের ন্যায্য দাবি উপেক্ষা করা সম্ভব নয়।

ইউনাইটের সাধারণ সম্পাদক শ্যারন গ্রাহাম বলেন, “আমি বহুবার বলেছি, কর্মীরাই প্রথম। আমাদের সদস্যদের মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ নিশ্চিত করতে আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি বলেন, চাকরির মূল্যায়ন ও পুনঃশ্রেণিবিন্যাসের পর কর্মীদের জন্য একটি সম্মানজনক চুক্তি নিশ্চিত করাই ছিল তাদের মূল লক্ষ্য।

ইউনাইট জানিয়েছে, কাউন্সিলের বিস্তারিত প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রস্তাবটি চূড়ান্ত হলে তা কর্মীদের সামনে উপস্থাপন করা হবে এবং ময়লা সংগ্রহ কর্মীদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই অগ্রগতি এসেছে স্থানীয় কাউন্সিল নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে, যা রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বেতন নিয়ে বিরোধের জেরে ইউনাইট সদস্যরা গত বছরের মার্চে সর্বাত্মক ধর্মঘটে যান। ইউনিয়নের দাবি ছিল, নতুন বেতন কাঠামোর কারণে কিছু কর্মী বছরে প্রায় ৮ হাজার পাউন্ড পর্যন্ত ক্ষতির মুখে পড়বেন। তবে কাউন্সিল বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে।

প্রথমে ২০২৫ সালের জানুয়ারিতে ৩৫০ জনের বেশি কর্মী ধারাবাহিক কর্মবিরতি শুরু করেন। পরে মার্চে তারা অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটে যান। তাদের অভিযোগ ছিল, চাকরি, বেতন এবং কর্মপরিবেশের ওপর ধারাবাহিক চাপ বাড়ানো হচ্ছে।

ধর্মঘট শুরুর এক মাস পর পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠে। প্রায় ১৭ হাজার টন বর্জ্য রাস্তায় জমে গেলে বার্মিংহাম সিটি কাউন্সিল বড় ধরনের জরুরি অবস্থা ঘোষণা করে।

কাউন্সিল জানায়, পিকেট লাইনের কারণে ডিপোগুলোতে প্রবেশ ব্যাহত হচ্ছিল এবং বর্জ্যবাহী যানবাহন রাস্তায় নামতে পারছিল না। এতে জনস্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দেয় এবং জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয় প্রশাসন।

দীর্ঘ অচলাবস্থার পর এখন উভয় পক্ষের ইতিবাচক অবস্থান নতুন আশার জন্ম দিয়েছে। যদি প্রস্তাবটি শ্রমিকদের ভোটে অনুমোদন পায়, তবে বার্মিংহামের দীর্ঘস্থায়ী এই বর্জ্য সংকটের অবসান ঘটতে পারে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

ব্রিটেন ধীরে ধীরে তৃতীয় বিশ্বের দেশে পরিণত হচ্ছে

স্যার মো ফারাহ বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেনা যুক্তরাজ্যের হোম অফিস

অতিরিক্ত তহবিল ছাড়া ট্রান্সপোর্ট ফর লন্ডন দেউলিয়া হয়ে যেতে পারে: মেয়রের দাবি