11.8 C
London
October 10, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিনের বড় ডিজেল চুক্তিঃ ক্ষুব্ধ জেলেনস্কি বললেন—‘পুতিনকে জন্মদিনের উপহার দেওয়া হচ্ছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহের বড় চুক্তির ঘোষণা দিয়েছেন। ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। তবে চুক্তির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার এই উদ্যোগ মস্কোকে আর্থিকভাবে শক্তিশালী করবে এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করতে পারে।

ট্রাম্প শুক্রবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। এর মধ্যে রাশিয়া অবিলম্বে ৩ লাখ টন ডিজেল সরবরাহ করবে এবং নভেম্বর মাসে আরও ৫ লাখ টন সরবরাহের কথা রয়েছে। তবে ঘোষিত মোট ৩০ লাখ টন ডিজেলের বাকি অংশ কোথা থেকে আসবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

জেলেনস্কি এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পুতিনকে উপহার দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং এতে সভ্য বিশ্বেরও কোনো উপকার হবে না। তার অভিযোগ, ডিজেল বিক্রি করে রাশিয়া যে অর্থ পাবে, তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করতে কাজে লাগতে পারে। তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে পারস্পরিক ভিত্তিতে উত্তেজনা কমানোর বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি ট্রাম্পের সমালোচনা করে বলেন, মার্কিন প্রেসিডেন্টের আচরণ ন্যায্য ও সৎ নয় বলে তিনি মনে করেন। তার আশঙ্কা, রাশিয়ার সঙ্গে এই চুক্তি ইউক্রেনের ওপর আরও হামলার ঝুঁকি বাড়াবে। ট্রাম্পের সঙ্গে পুতিনের আলোচনাকে তিনি রুশ প্রেসিডেন্টের জন্য জন্মদিনের উপহারের মতো বলেও মন্তব্য করেন।

অন্যদিকে, ট্রাম্প দাবি করেছেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হলে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে ডিজেলের দাম দ্রুত কমে আসবে। তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং রাশিয়ার জ্বালানি সরবরাহের এই ঘোষণা জ্বালানির দাম কমাতে সাহায্য করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কৃষক, খামারমালিক ও ট্রাকচালকদের জন্য কম জ্বালানির দাম তার অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

পুতিনও জানিয়েছেন, রাশিয়া যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ করতে প্রস্তুত। তার মতে, এ উদ্যোগ বিশ্ব অর্থনীতির জন্য সহায়ক হতে পারে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইউক্রেন ও ইরানের সংঘাত নিরসনের বিষয়েও আলোচনা হয়েছে বলে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের সঙ্গে ব্রিটেনের অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রেখে মস্কোর ওপর চাপ অব্যাহত রাখবে ব্রিটেন। ইউক্রেনের যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের মিয়ামিতে দুই দিনের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু ট্রাম্প-পুতিনের ডিজেল চুক্তির ঘোষণা ওই আলোচনাকে নতুন করে জটিলতার মুখে ফেলেছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ এমন এক অচলাবস্থায় পৌঁছেছে, যা আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। তার মতে, এ ধরনের অচলাবস্থা কখনো কখনো সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে। তবে তিনি মনে করেন, যুদ্ধের সামরিক সমাধান নেই।

ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার তেল ও জ্বালানি অবকাঠামোয় ড্রোন হামলা চালানো হচ্ছে, যাতে মস্কোর যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করা যায়। এর বিপরীতে গত ৭ অক্টোবর পুতিনের ৭৪তম জন্মদিনে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় অন্তত ১২ জন নিহত হন। কিয়েভের জ্বালানি ও শিল্প অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু ছিল।

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং জ্বালানির মূল্যবৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বড় ভূমিকা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেও জ্বালানির দাম ও অর্থনৈতিক পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।

সূত্রঃ দ্য সান, অ্যাক্সিওস

এমকে

আরো পড়ুন

বাংলাদেশিদের জন্য তিন বিমানবন্দর নির্দিষ্ট করল যুক্তরাষ্ট্র

দুই-রাষ্ট্র সমাধান রক্ষায় বিশ্বনেতাদের ঐক্য, বাড়ছে ফিলিস্তিন স্বীকৃতি

ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি সংকট, বিশ্বজুড়ে জরুরি ব্যবস্থা