21.9 C
London
August 31, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ফারাজকে ঘিরে অর্থায়ন বিতর্কে তোলপাড় ব্রিটিশ রাজনীতিঃ রিফর্ম ইউকের অনুদান তদন্তে পুলিশ

ব্রিটেনের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকের তহবিল সংগ্রহ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দলটির জন্য দেওয়া অন্তত পাঁচ লাখ পাউন্ডের অনুদানের উৎস খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে ফিওনা কটরেল প্রদত্ত দুটি আড়াই লাখ পাউন্ডের অনুদান পর্যালোচনা করছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুঁজে দেখছে, অর্থের প্রকৃত উৎস গোপন করা হয়েছে কি না অথবা তা কোনো অগ্রহণযোগ্য বিদেশি কিংবা করপোরেট উৎস থেকে এসেছে কি না। এ পর্যন্ত দুই ব্যক্তিকে সতর্কতামূলকভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে, পৃথক প্রতিবেদনে রিফর্ম ইউকের উপনেতা রিচার্ড টিসের প্রতিষ্ঠানে এক মিলিয়ন পাউন্ডের একটি লেনদেনও নজর কেড়েছে। মানি লন্ডারিং-সংক্রান্ত উদ্বেগের কারণে ব্যাংকগুলো বিষয়টি ন্যাশনাল ক্রাইম এজেন্সির কাছে পাঠিয়েছে। তবে টিস অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছেন।

বিতর্কের মধ্যেই দলটির নেতা নাইজেল ফারাজ পার্লামেন্টের আসন থেকে পদত্যাগ করে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিতব্য উপনির্বাচনে তিনি ভোটারদের কাছ থেকে নতুন ম্যান্ডেট চাইবেন। একই সঙ্গে তার বিরুদ্ধে অপ্রকাশিত ৫০ লাখ পাউন্ড গ্রহণের অভিযোগ নিয়ে চলমান আরেকটি সংসদীয় তদন্তও আলোচনায় রয়েছে।

যদিও ফারাজ সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কোনো অনিয়ম করেননি এবং তার কর্মকাণ্ডের চূড়ান্ত বিচার জনগণই করবে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অবশ্য তার পদক্ষেপকে জবাবদিহি এড়ানোর কৌশল হিসেবে আখ্যায়িত করে উপনির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

ঝড়ের মুখে রানওয়ের উপর টালমাটাল বিমান যেভাবে অবতরণ করল!

যুক্তরাজ্যে স্কুলছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা শিক্ষিকা

রোগীর সাথে ভিজিটর নিষিদ্ধ করলো লন্ডনের একটি হাসপাতাল