যুক্তরাজ্যের বার্কলেজ ব্যাংকের গ্রাহকদের নতুন ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে ভোক্তা সংগঠন ‘হুইচ?’। সংগঠনটি জানিয়েছে, বার্কলেজের নামে ভুয়া খুদে বার্তা পাঠিয়ে গ্রাহকদের কাছ থেকে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
প্রতারণামূলক বার্তায় দাবি করা হচ্ছে, গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে একটি সরাসরি ডেবিট বা স্বয়ংক্রিয় অর্থ পরিশোধ ব্যবস্থা চালু করা হয়েছে। সেটি বাতিল করতে একটি নির্দিষ্ট নম্বরে ফোন করতে বলা হচ্ছে। কিন্তু ওই নম্বরে ফোন করলে গ্রাহক প্রতারকের সঙ্গে যুক্ত হতে পারেন এবং প্রতারক ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ভোক্তা সংগঠন ‘হুইচ?’ জানিয়েছে, এ ধরনের কোনো বার্তা পেলে তাতে দেওয়া নম্বরে ফোন না করাই নিরাপদ। সন্দেহজনক খুদে বার্তা পাওয়া গেলে তা ৭৭২৬ নম্বরে ফরওয়ার্ড করে রিপোর্ট করা যায়।
বার্কলেজ জানিয়েছে, গ্রাহকরা ব্যাংকের পাঠানো প্রকৃত খুদে বার্তার ইতিহাস বার্কলেজ অ্যাপের ‘কমিউনিকেশন সেন্টার’ অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যাচাই করতে পারবেন।
ব্যাংকটি আরও জানিয়েছে, সন্দেহজনক কোনো লেনদেন শনাক্ত হলে এবং গ্রাহকের বৈধ যুক্তরাজ্যের মোবাইল নম্বর থাকলে বার্কলেজ খুদে বার্তার মাধ্যমে সতর্ক করতে পারে। তবে প্রকৃত বার্তায় গ্রাহককে শুধু ‘ওয়াই’ অথবা ‘এন’ লিখে জানাতে বলা হবে, লেনদেনটি তিনি করেছেন কি না। এসব বার্তায় কখনো ব্যক্তিগত তথ্য বা নিরাপত্তা-সংক্রান্ত তথ্য চাওয়া হবে না।
বার্কলেজের পরামর্শ, ব্যক্তিগত বা অর্থ সংক্রান্ত তথ্য দেওয়ার আগে কিছুক্ষণ থেমে বিষয়টি যাচাই করতে হবে। সন্দেহজনক কোনো অনুরোধ এলে সেটি উপেক্ষা করার পরামর্শও দিয়েছে ব্যাংকটি। ব্যাংকের মতে, প্রতারকরা সাধারণত তাড়াহুড়া ও আতঙ্ক তৈরি করে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ প্রয়োগ করে।
কেউ প্রতারণার শিকার হয়েছেন বলে মনে করলে ‘অ্যাকশন ফ্রড’-এ ০৩০০ ১২৩ ২০৪০ নম্বরে অথবা তাদের নির্ধারিত অনলাইন ব্যবস্থায় অভিযোগ জানানো যায়। স্কটল্যান্ডে হলে সরাসরি পুলিশ স্কটল্যান্ডে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এমকে

