15.4 C
London
October 3, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বিদেশি মিশন থেকে চার এনএসআই কর্মকর্তার পালানোর অভিযোগঃ দুজন বহিষ্কার

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চার কর্মকর্তার পালিয়ে যাওয়ার তথ্য সামনে এসেছে। তাদের মধ্যে দুজনকে ইতোমধ্যে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। অপর দুজনের একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে এবং অন্যজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এশিয়া পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, পালিয়ে যাওয়া চার কর্মকর্তার মধ্যে রয়েছেন যুগ্ম পরিচালক বদরুল ইসলাম বিদ্যুৎ, উপপরিচালক আমিনুল হক পলাশ, যুগ্ম পরিচালক নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার আশরাফ হোসেন। তাদের মধ্যে বদরুল ইসলাম বিদ্যুৎ ও আমিনুল হক পলাশকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে যুগ্ম পরিচালক নাসির উদ্দিনের বিরুদ্ধে বিদেশে দায়িত্ব পালনকালে চলে যাওয়ার অভিযোগের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ফিল্ড অফিসার আশরাফ হোসেনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এশিয়া পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিদেশে দায়িত্ব পালনরত কয়েকজন এনএসআই কর্মকর্তা সংশ্লিষ্ট মিশন থেকে আর কাজে ফেরেননি। কলকাতা উপহাইকমিশনে কর্মরত আমিনুল হক পলাশ, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের উপপরিচালক নাসির উদ্দিন এবং দুবাই মিশনের যুগ্ম পরিচালক বদরুল ইসলাম বিদ্যুতের নাম এ ঘটনায় উঠে এসেছে।

এরপর চলতি বছরের জুলাইয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ফিল্ড অফিসার আশরাফ হোসেনও চলে যান বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তিনি সপরিবারে বাংলাদেশে ফেরার কথা বলে নয়াদিল্লি ত্যাগ করলেও দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে এনএসআইয়ের একাধিক সূত্রের বরাত দিয়ে এশিয়া পোস্ট জানিয়েছে।

আশরাফ হোসেনের যুক্তরাষ্ট্র যাওয়ার ক্ষেত্রে নয়াদিল্লির বাংলাদেশ মিশনের কনস্যুলার শাখা থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পান বলে সংবাদটিতে দাবি করা হয়েছে। তবে তিনি এখন পর্যন্ত সরকারি চাকরিবিধি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে দায়িত্বে ফেরার কোনো রিপোর্ট করেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

একইভাবে নাসির উদ্দিনও যুক্তরাষ্ট্রে গেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তিনি নয়াদিল্লি থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যাননি; প্রথমে দিল্লি থেকে বাংলাদেশে ফেরেন এবং পরে যুক্তরাষ্ট্রে যান বলে সংবাদটিতে উল্লেখ করা হয়েছে। তার যুক্তরাষ্ট্রের ভিসার ক্ষেত্রেও দিল্লির কনস্যুলার শাখা থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

চার কর্মকর্তার মধ্যে আমিনুল হক পলাশকে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টিও প্রতিবেদনে এসেছে। এশিয়া পোস্টের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের সময় তিনি কলকাতা উপহাইকমিশনে কর্মরত ছিলেন এবং পরে লন্ডনে যান। সেখানে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে সংবাদটিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার একটি অনলাইন অনুষ্ঠানে আমিনুল হক পলাশকে বক্তব্য দিতে দেখা গেছে।

দুবাই মিশন থেকে চলে যাওয়া যুগ্ম পরিচালক বদরুল ইসলাম বিদ্যুৎ বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন বলেও এশিয়া পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিষয়ে নজরদারি, জবাবদিহি এবং নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন সামনে এসেছে। এশিয়া পোস্টের প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, বিদেশি মিশনের গুরুত্বপূর্ণ কনস্যুলার দায়িত্বে আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কেউ কেউ এখনও বহাল রয়েছেন এবং এতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তবে এই দাবির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

এনএসআইয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি বলে জানিয়েছে এশিয়া পোস্ট।

সূত্রঃ এশিয়া পোস্ট

এমকে

আরো পড়ুন

আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবেঃ নাহিদ ইসলাম

ভারতে প্রথম প্রকাশ্যে আসছেন শেখ হাসিনাঃ ৫ আগস্ট জানাবেন রাজনৈতিক রোডম্যাপ

ধানমন্ডিতে গ্রেপ্তার সংগীতশিল্পী ও সাবেক এমপি মমতাজ