TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে আশ্রয় আবেদনকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে নেতিবাচক সিদ্ধান্ত বাতিল করল আপিল আদালত

যুক্তরাজ্যে এক আশ্রয় আবেদনকারীর বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে নিম্ন আদালতের দেওয়া নেতিবাচক সিদ্ধান্তকে অনিরাপদ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। আশ্রয় সাক্ষাৎকারের পর আবেদনকারীর দেওয়া গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক চিঠির অংশবিশেষ বিবেচনায় না নেওয়ায় আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে।

১৮ নভেম্বর ২০২৬ প্রকাশিত আইনবিষয়ক ওয়েবসাইট ‘ফ্রি মুভমেন্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরএম বনাম স্বরাষ্ট্র মন্ত্রী’ মামলায় আপিল আদালত (২০২৬ সালের ইডব্লিউসিএ সিভি ১৪১৬) এই রায় দেয়। আদালতের মতে, ব্যাখ্যামূলক চিঠির গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করায় আবেদনকারীর রাজনৈতিক কর্মকাণ্ড এবং ইরাকে ফিরে গেলে তার ঝুঁকি সম্পর্কে ট্রাইব্যুনালের মূল্যায়নও প্রশ্নবিদ্ধ হয়েছে।

মামলার আবেদনকারী ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ২৮ বছর বয়সী এক ব্যক্তি। তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে আশ্রয় আবেদন করেন। প্রাথমিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পারিবারিক বিরোধের কারণে জীবননাশের আশঙ্কায় দেশ ছেড়ে পালিয়েছেন। তবে সাক্ষাৎকারের নথিতে দেশে ফিরে যেতে না পারার সব কারণ জানতে চাওয়া প্রশ্নের উত্তরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ ফাঁকা ছিল।

আশ্রয় সাক্ষাৎকারের পর আবেদনকারীর আইনজীবীরা সাধারণত লিখিত বক্তব্য জমা দেন। এর মাধ্যমে সাক্ষাৎকারের নথিতে ভুল থাকলে তা সংশোধন, আগের উত্তরের ব্যাখ্যা দেওয়া কিংবা বাদ পড়া তথ্য যুক্ত করার সুযোগ থাকে। এই মামলাতেও আবেদনকারীর পক্ষ থেকে একটি ব্যাখ্যামূলক চিঠি জমা দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ওই চিঠিতে দেওয়া প্রাথমিক বিবরণ পরবর্তী সময়ে আবেদনকারীর দেওয়া সাক্ষ্যের সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ ছিল।

কিন্তু প্রথম পর্যায়ের ট্রাইব্যুনাল আগের বক্তব্যের সঙ্গে পরবর্তী বক্তব্যের অসামঞ্জস্য এবং সেগুলোর পেছনে দেওয়া ব্যাখ্যাগুলো মূল্যায়নের ক্ষেত্রে চিঠির গুরুত্বপূর্ণ অংশ বিবেচনায় নেয়নি। আপিল আদালত মনে করেছে, এই ব্যর্থতা আবেদনকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে নেতিবাচক সিদ্ধান্তকে অনিরাপদ করেছে। একই সঙ্গে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশে ফেরত পাঠানো হলে সম্ভাব্য বিপদের বিষয়ে দেওয়া সিদ্ধান্তও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই রায় আশ্রয় আবেদনের ক্ষেত্রে সাক্ষাৎকারের পর জমা দেওয়া ব্যাখ্যামূলক চিঠি যথাযথভাবে বিবেচনার গুরুত্ব তুলে ধরেছে। বিশেষ করে সাক্ষাৎকারের নথিতে অসম্পূর্ণতা বা বক্তব্যের অসামঞ্জস্য থাকলে আবেদনকারীর দেওয়া ব্যাখ্যা মূল্যায়ন না করে শুধু অসামঞ্জস্যের ভিত্তিতে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যে ঝুঁকিপূর্ণ হতে পারে, মামলাটি সে বিষয়টি সামনে এনেছে।

সূত্রঃ ফ্রি মুভমেন্ট

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের লন্ডনে আগামী সপ্তাহ জুড়ে তীব্র বৃষ্টিপাতের শঙ্কা

ভ্যাকসিনেশন সেন্টারে পরিণত হলো লন্ডনের মসজিদ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে এশিয়ার শিক্ষার্থীদের জন্য অক্সফোর্ডর জার্ডিন স্কলারশিপ কর্মসূচির অবসান