বিশ্ব রাজনীতিতে পারমাণবিক অস্ত্র এখনো সবচেয়ে ভয়ংকর এবং প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচিত। একটি মাত্র সিদ্ধান্তেই মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে একটি শহর, বিপর্যস্ত হতে পারে পুরো মানবসভ্যতা। তাই এই অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি দেশ নিজস্ব নীতি অনুসরণ করে, যা নির্ধারণ করে কখন এবং কীভাবে এই শক্তি প্রয়োগ করা হবে।
বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর নীতিমালায় রয়েছে স্পষ্ট পার্থক্য।
কিছু দেশ প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করলেও, অন্যরা আগাম আঘাতের কৌশলকে গুরুত্ব দেয়।
প্রথম ধরনের নীতি হলো “প্রথমে ব্যবহার নয়”। এই নীতিতে বিশ্বাসী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত ও চীন। তাদের অবস্থান অনুযায়ী, তারা কখনোই আগে থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তবে যদি তাদের ওপর আগে আক্রমণ করা হয়, তাহলে তারা পাল্টা জবাব দিতে এই অস্ত্র প্রয়োগ করতে পারে। এই নীতিকে তুলনামূলকভাবে দায়িত্বশীল ও প্রতিরক্ষা মূলক হিসেবে দেখা হয়।
অন্যদিকে, “প্রথমেই আঘাত” নীতিতে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পাকিস্তান। এই দেশগুলো মনে করে, দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে শত্রুপক্ষের আক্রমণের আগেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতে পারে। তাদের মতে, এটি শত্রুকে ভয় দেখিয়ে বড় ধরনের সংঘাত প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ নীতি অনুসরণ করে রাশিয়া। দেশটি সাধারণত পারমাণবিক অস্ত্রকে “শেষ উপায়” হিসেবে বিবেচনা করে। অর্থাৎ, যখন রাষ্ট্রের অস্তিত্ব চরম সংকটে পড়বে বা বড় ধরনের হামলার মুখে পড়বে, তখনই তারা এই অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে।
এদিকে ফ্রান্স একটি ভিন্নধর্মী কৌশল গ্রহণ করেছে। তাদের নীতিতে রয়েছে সতর্কতামূলক পারমাণবিক হামলার ধারণা, যার মাধ্যমে শত্রুকে বড় আক্রমণ থেকে বিরত রাখতে আগাম বার্তা দেওয়া হতে পারে।
সবচেয়ে রহস্যময় অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। দেশটির পারমাণবিক নীতি সম্পর্কে সুস্পষ্ট তথ্য না থাকায় আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, এই নীতিগুলো কেবল সামরিক কৌশল নয়, বরং বিশ্বশান্তির ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। একটি ভুল সিদ্ধান্ত বা নীতির পরিবর্তন বৈশ্বিক নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে।
সূত্রঃ আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন, ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস, স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান
এম.কে

