ব্রিটেনজুড়ে লাখো মানুষ নিয়মিত কেনাকাটা করেন ডিসকাউন্ট খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বিএন্ডএমে। তবে প্রতিষ্ঠানটির অসাধারণ সাফল্যের পেছনে থাকা পাঞ্জাবি বংশোদ্ভূত অরোরা পরিবারের গল্প অনেকেরই অজানা।
সাইমন, ববি ও রবিন অরোরা—এই তিন ভাইয়ের বাবা খুব সাধারণ অবস্থা থেকে ব্রিটেনে নিজের জীবন গড়ে তুলেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, তার কাছে মাত্র ১০ পাউন্ড ছিল, যখন তিনি ব্রিটেনে আসেন। পাঞ্জাবি অভিবাসীদের অনেকের মতো তিনিও বাজারে পণ্য কেনাবেচা ও পাইকারি ব্যবসায় কঠোর পরিশ্রম করেন। তার লক্ষ্য ছিল, সন্তানদের এমন সুযোগ করে দেওয়া, যা তিনি নিজের জীবনে পাননি।
২০০৪ সালে সাইমন ও ববি অরোরা ঝুঁকি নিয়ে বিএন্ডএম নামের একটি সংকটে থাকা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কিনে নেন। তখন প্রতিষ্ঠানটির দোকান ছিল মাত্র ২১টি। প্রতিকূল পরিস্থিতিতে ব্যবসা গুটিয়ে না নিয়ে তারা কম দামে পণ্য বিক্রি, প্রতিযোগিতামূলক মূল্য এবং সাধারণ ব্রিটিশ পরিবারের চাহিদার ওপর গুরুত্ব দেন।
তাদের এই ব্যবসায়িক কৌশল সফল হয়। মাত্র ২১টি দোকান থেকে বিএন্ডএমের শাখা বেড়ে কয়েক শতে পৌঁছে যায়। একপর্যায়ে প্রতিষ্ঠানটি ব্রিটেনের অন্যতম বৃহৎ ডিসকাউন্ট খুচরা বিক্রেতায় পরিণত হয় এবং এর ব্যবসায়িক মূল্য কয়েক বিলিয়ন পাউন্ডে পৌঁছায়।
অরোরা পরিবারের এই সাফল্য ব্রিটেনে পাঞ্জাবি অভিবাসীদের দীর্ঘদিনের পরিশ্রম ও ত্যাগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পরিবারের পরবর্তী প্রজন্মের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে এই অভিবাসীরা দীর্ঘ সময় কাজ করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন।
পাঞ্জাবি বংশোদ্ভূতদের সংগীত, চলচ্চিত্র ও খেলাধুলায় সাফল্য প্রায়ই আলোচনায় আসে। তবে বিএন্ডএমের মতো বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে অরোরা পরিবারের গল্পও একইভাবে স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।
সূত্রঃ বিএন্ডএমের নিজস্ব ওয়েবসাইট
এমকে

