TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে আবারও প্রতিটি পরিবারকে ৭২ ঘণ্টার জরুরি প্রস্তুতির পরামর্শ

যুক্তরাজ্যের প্রতিটি পরিবারকে অন্তত তিন দিনের জরুরি প্রয়োজনীয় সামগ্রী ঘরে মজুত রাখার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। চরম আবহাওয়া, বিদ্যুৎ বিভ্রাট কিংবা সাইবার হামলার কারণে দৈনন্দিন সেবা ব্যাহত হলে যেন পরিবারগুলো অন্তত ৭২ ঘণ্টা নিজেদের প্রয়োজন মেটাতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিটিশ সরকারের ‘বি রেডি’ (Be Ready) প্রচারণার আওতায় প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরিবারের এমন প্রস্তুতি থাকা উচিত, যাতে জরুরি পরিস্থিতিতে বাইরের সহায়তা ছাড়াই কয়েক দিন চলা সম্ভব হয়।

পানির পাশাপাশি রাখতে হবে শুকনো খাবারঃ

সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক ব্যক্তির জন্য প্রতিদিন অন্তত তিন লিটার পানির ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ একজন ব্যক্তির তিন দিনের জন্য প্রয়োজন হবে অন্তত ৯ লিটার বোতলজাত পানি। রান্না ও পরিষ্কারের জন্য এর বাইরে অতিরিক্ত পানি রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

খাবারের ক্ষেত্রে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন সামগ্রী রাখতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে টিনজাত মাংস, মাছ, শাকসবজি, ফলমূল এবং শুকনো খাবার। এমন খাবার বেছে নিতে বলা হয়েছে, যেগুলো সংরক্ষণের জন্য ফ্রিজের প্রয়োজন হয় না এবং রান্না ছাড়াই খাওয়া সম্ভব।

আলো ও উষ্ণতার জন্য রাখতে হবে জরুরি সরঞ্জামঃ

বিদ্যুৎ চলে গেলে যেন অন্ধকারে থাকতে না হয়, সে জন্য টর্চলাইট ও অতিরিক্ত ব্যাটারি রাখার পরামর্শ দিয়েছে সরকার। পাশাপাশি কম্বল, স্লিপিং ব্যাগ এবং পর্যাপ্ত গরম কাপড় মজুত রাখতে বলা হয়েছে।

ওষুধ, রেডিও ও নগদ অর্থ রাখার পরামর্শঃ

জরুরি প্রস্তুতির তালিকায় প্রাথমিক চিকিৎসার বাক্স, প্রয়োজনীয় ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার, ভেজা টিস্যু এবং সাবান রাখার কথাও বলা হয়েছে।

যোগাযোগব্যবস্থা সচল রাখতে ব্যাটারিচালিত অথবা হাতে ঘোরানো যায় এমন এফএম রেডিও এবং সম্পূর্ণ চার্জ দেওয়া পাওয়ার ব্যাংক রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং বা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যাহত হতে পারে—এমন পরিস্থিতি বিবেচনায় ঘরে নগদ টাকা রাখার কথা বলা হয়েছে। কয়েন ও কাগজের নোট—দুই ধরনের অর্থই রাখতে উৎসাহিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি এবং জরুরি ফোন নম্বরের লিখিত তালিকা সংরক্ষণের পরামর্শও দিয়েছে সরকার।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, বড় ধরনের কোনো সংকট বা জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ, যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় সেবা ব্যাহত হলেও পরিবারগুলো যেন অন্তত তিন দিন নিজেদের মৌলিক প্রয়োজন মেটাতে পারে।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি দিল যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার নাগরিকদের জন্য নিয়ে আসছে ডিজিটাল ওয়ালেট

ব্রিটেনে নেতৃত্বে রদবদলঃ উপ-প্রধানমন্ত্রী হলেন ডেভিড লামী

নিউজ ডেস্ক