18.2 C
London
October 9, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে গাড়ি চালালেই মাইলপ্রতি দিতে হবে চার্জঃ লন্ডনে নতুন প্রস্তাব

লন্ডনের পরিবহন অবকাঠামো উন্নয়নের অর্থ জোগাতে গাড়িচালকদের কাছ থেকে মাইলপ্রতি চার্জ নেওয়ার প্রস্তাব উঠেছে। গ্রিন পার্টির লন্ডন অ্যাসেম্বলি সদস্য বেনালি হামদাশে বলেছেন, বর্তমানে কেন্দ্রীয় লন্ডনে গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রে যে নির্দিষ্ট হারে কনজেশন চার্জ নেওয়া হয়, তার পরিবর্তে ব্যবহারভিত্তিক ‘পে-পার-মাইল’ ব্যবস্থা চালু করা তুলনামূলকভাবে ন্যায্য হতে পারে।

এই প্রস্তাবের অন্যতম লক্ষ্য হলো লন্ডনের বাকেরলু লাইন সম্প্রসারণ প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করা। প্রস্তাবিত সম্প্রসারণে লাইনটি লুইশাম পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। ওল্ড কেন্ট রোড ও নিউ ক্রস গেট হয়ে এই সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করছে ট্রান্সপোর্ট ফর লন্ডন—টিএফএল। তবে প্রকল্প বাস্তবায়নের জন্য এখনো প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত হয়নি।

গ্রিন পার্টির এই অ্যাসেম্বলি সদস্যের দাবি, ‘স্মার্ট ব্যবহারভিত্তিক চার্জ’ চালু করা হলে যারা ব্যক্তিগত গাড়ি বেশি ব্যবহার করেন এবং বিশেষ করে কর্মস্থলে যাতায়াত ছাড়া অন্যান্য কাজে গাড়ি চালান, তাদের কাছ থেকে তুলনামূলক বেশি অর্থ নেওয়া সম্ভব হবে। এতে একদিকে গাড়ির ব্যবহার কমানোর উৎসাহ তৈরি হবে, অন্যদিকে পরিবহন উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থও সংগ্রহ করা যাবে।

বেনালি হামদাশে বলেন, লন্ডনের পরিবহন খাতে অর্থায়ন নিয়ে একটি বড় সংকট তৈরি হচ্ছে, অথচ বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে না। তার মতে, দীর্ঘদিন ধরে জ্বালানি শুল্ক কার্যত স্থির থাকায় প্রয়োজনীয় গণপরিবহন অবকাঠামোর জন্য পর্যাপ্ত অর্থ পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, যারা সবচেয়ে বেশি গাড়ি চালান এবং কর্মসংক্রান্ত প্রয়োজনের বাইরে গাড়ি ব্যবহার করেন, তাদের কাছ থেকেই বেশি অবদান নেওয়া হলে চার্জিং ব্যবস্থা আরও ন্যায্য হতে পারে। তবে গ্রিন পার্টির প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তি এবং কাজের প্রয়োজনে গাড়ি ব্যবহার করতে হয়—এমন ব্যক্তিদের জন্য ছাড় রাখার কথা বলা হয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান অবশ্য এর আগে একাধিকবার স্পষ্ট করেছেন, তার মেয়র থাকাকালে লন্ডনের সড়কে মাইলপ্রতি গাড়ি চালানোর জন্য চার্জ চালুর পরিকল্পনা নেই। ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, সরকার, টিএফএল এবং দেশের বিভিন্ন পরিবহন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মাইলপ্রতি চার্জের ধারণা নিয়ে কাজ করছেন। তবে তার বক্তব্য ছিল, তিনি মেয়র থাকা অবস্থায় এ ধরনের ব্যবস্থা চালু করা হবে না।

তবে টিএফএল ভবিষ্যতের বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে নতুন সড়ক চার্জের বিভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করেছে। মাইলপ্রতি চার্জের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির বড় একটি অংশ ইতোমধ্যে লন্ডনে স্থাপিত আলট্রা লো এমিশন জোন—ইউলেজ—ক্যামেরার মাধ্যমে পাওয়া যেতে পারে বলেও প্রস্তাবের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে।

এদিকে বাকেরলু লাইন সম্প্রসারণের জন্য টিএফএল বলছে, প্রকল্পটি বাস্তবায়নে একটি কার্যকর অর্থায়ন কাঠামো প্রয়োজন। এ বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।

সূত্রঃ মাই লন্ডন

এমকে

আরো পড়ুন

সামনের বছরগুলিতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের হার কমবেঃ মাইগ্রেশন কমিটি

১০ পাউন্ডের ফি চালু করে ৯০ হাজার যাত্রী হারিয়েছে হিথরো

ইরান যুদ্ধ ইস্যুতে চাপের কাছে নতি স্বীকার নয়ঃ কিয়ার স্টারমার