14.2 C
London
October 7, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে নতুন সুযোগঃ মাত্র ১ পাউন্ড জমা দিয়েই ৩০ পাউন্ডের বিনামূল্যে চাইল্ড কেয়ার

ব্রিটেনে অভিভাবকদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে অনলাইন ব্যাংক ওকনর্থ। ব্যাংকটির নতুন জুনিয়র আইএসএ হিসাব খুললে মাত্র ১ পাউন্ড জমা দিয়েই দুই ঘণ্টার বিনামূল্যে শিশুযত্নের সুবিধা পাওয়া যাবে। এই সুবিধার আর্থিক মূল্য ৩০ পাউন্ড।

দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওকনর্থের জুনিয়র আইএসএ হিসাবের সঙ্গে এই সুবিধা দেওয়া হচ্ছে। হিসাবটিতে সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যাবে এবং বর্তমানে এতে ৩ দশমিক ৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

হিসাব খুলতে বড় অঙ্কের অর্থ জমা দেওয়ার প্রয়োজন নেই। ন্যূনতম ১ পাউন্ড জমা দিয়েই হিসাব চালু করা যাবে। হিসাব খোলার পর বাবল নামের শিশুযত্ন অ্যাপের মাধ্যমে দুই ঘণ্টার বিনামূল্যে শিশুযত্ন নেওয়া যাবে।

জুনিয়র আইএসএ এমন একটি সঞ্চয় ব্যবস্থা, যেখানে বছরে সর্বোচ্চ ৯ হাজার পাউন্ড পর্যন্ত করমুক্ত সঞ্চয় করা যায়। তবে এই অর্থ সন্তানের ১৮ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত সাধারণভাবে তোলা যায় না। ওকনর্থের হিসাবটিতে শুধু বাবা-মা ও আইনগত অভিভাবকরাই অর্থ জমা দিতে পারবেন।

তবে এই সুবিধার সঙ্গে কিছু শর্তও রয়েছে। ওকনর্থের জুনিয়র আইএসএতে হিসাব খোলার জন্য সন্তানের বয়স সর্বোচ্চ ১৪ বছর হতে হবে। অর্থাৎ ১৪ বছরের বেশি বয়সী সন্তানের জন্য এই হিসাব খোলা যাবে না।

আর্থিক বিশেষজ্ঞ র‍্যাচেল স্প্রিংঅল বলেন, ওকনর্থের ৩ দশমিক ৫০ শতাংশ সুদের হার বাজারের তুলনায় প্রতিযোগিতামূলক হলেও আরও ভালো সুদের হিসাব রয়েছে। তার মতে, অভিভাবকরা খোঁজ করলে বেশি সুদের সুযোগ পেতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাথ বিল্ডিং সোসাইটির একটি জুনিয়র আইএসএতে বর্তমানে ৪ দশমিক ১৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। আর সোয়ানসি বিল্ডিং সোসাইটির হিসাবটিতে সুদের হার ৪ শতাংশ।

ওকনর্থের হিসাবের আরেকটি সুবিধা হলো, পুরোনো চাইল্ড ট্রাস্ট ফান্ডের অর্থ এতে স্থানান্তর করা যায়। তবে স্টকস অ্যান্ড শেয়ারস চাইল্ড ট্রাস্ট ফান্ড বা স্টকস অ্যান্ড শেয়ারস জুনিয়র আইএসএ থেকে অর্থ স্থানান্তরের সুযোগ নেই।

বিশেষজ্ঞের মতে, যারা সহজভাবে সন্তানের ভবিষ্যতের জন্য নগদ সঞ্চয় করতে চান, তাদের জন্য এই হিসাব উপযোগী হতে পারে। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগের মাধ্যমে তুলনামূলক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। মূল্যস্ফীতি বেশি হলে শুধু নগদ সঞ্চয়ের প্রকৃত মূল্য কমে যেতে পারে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের কিছু অংশে ভূমিকম্প

দীর্ঘমেয়াদে ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়ছে ইইউ-যুক্তরাজ্য বাণিজ্যে

শরণার্থীদের পরিবার আনার নীতি কঠোর করতে যাচ্ছে যুক্তরাজ্য