18.4 C
London
August 13, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

মির্জা ফখরুলকে ঘিরে রাষ্ট্রপতি নির্বাচনের সমীকরণঃ বৃহস্পতিবারই মিলতে পারে চূড়ান্ত উত্তর

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয়ভাবে এখনো নাম ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে তার অবস্থান সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমার দিনেই বিএনপি এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনীত হলে তাকে স্থানীয় সরকারমন্ত্রীর পদ ছাড়তে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের মহাসচিব পদেও পরিবর্তন আসতে পারে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে শুধু রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ নয়, বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্বেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক তৎপরতা বাড়ে। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি হওয়ায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এ পরিস্থিতিতে দলের অভিজ্ঞ ও দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুলের নাম সামনে এসেছে।

গত কয়েক দিনে দলের নীতিনির্ধারণী পর্যায়ে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে একাধিক আলোচনা হয়েছে। মির্জা ফখরুলের পাশাপাশি নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খানের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়। এখন তার সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন দলের নেতাকর্মীরা।

এর মধ্যেই মঙ্গলবার সচিবালয়ে মির্জা ফখরুলের কার্যালয়ে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি এবং তাকে অভিনন্দন জানানোর চেষ্টা নতুন করে আলোচনা তৈরি করে। তবে মির্জা ফখরুল নিজে সম্ভাব্য রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য দেননি। বরং তিনি বলেছেন, আগে বিষয়টি চূড়ান্ত হোক, এরপর এ নিয়ে কথা বলা যাবে।

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই-বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির দলীয় সিদ্ধান্তই এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

মির্জা ফখরুলের সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থিতা নিয়ে আলোচনা যতই জোরালো হচ্ছে, ততই সামনে আসছে বিএনপির মহাসচিব পদে সম্ভাব্য পরিবর্তনের প্রশ্ন। তবে এ বিষয়ে এখনো দলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সব মিলিয়ে বৃহস্পতিবার বিএনপির আনুষ্ঠানিক ঘোষণাই নির্ধারণ করবে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা কতটা নিশ্চিত। সেই সঙ্গে তার মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক অঙ্গনের।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

মেট্রোরেলে যেসব জিনিস বহন নিষিদ্ধ

নিউজ ডেস্ক

সেন্টমার্টিনে প্রবেশে লাগছে এনআইডি ও লিখিত অনুমতি

প্রবাসীদের রেমিটেন্সে অর্থনীতি মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছেঃ প্রধান উপদেষ্টা