28.5 C
London
July 15, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে জিকা, ডেঙ্গু ও ম্যালেরিয়ার সংক্রমণ বাড়ছেঃ বিদেশ সফরকারীদের জরুরি সতর্কবার্তা

গ্রীষ্মকালীন ছুটিতে বিদেশ ভ্রমণে যাওয়া ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন স্বাস্থ্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। মশাবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভ্রমণের আগে এবং ভ্রমণকালে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাজ্যে বিদেশ থেকে আসা জিকা ভাইরাসে আটজন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সংখ্যা ইতোমধ্যেই ২০২৫ সালের পুরো বছরের মোট সংক্রমণকে ছাড়িয়ে গেছে। গত বছর যেখানে মোট সাতজন আক্রান্ত হয়েছিলেন, সেখানে চলতি বছরের প্রথম ছয় মাসেই আটটি সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। আক্রান্তদের অর্ধেকই ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরেছিলেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জিকা ভাইরাস, ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ কিছু মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষের ক্ষেত্রে এসব রোগের জটিলতা বেশি হতে পারে।

চলতি বছরের প্রথম ছয় মাসে ইংল্যান্ডে ডেঙ্গু জ্বরে ১৩৭টি সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। অধিকাংশ আক্রান্ত দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়া সফর করে ফিরেছেন। এর মধ্যে থাইল্যান্ড থেকে ২৭টি এবং মালদ্বীপ থেকে ১৯টি সংক্রমণের তথ্য পাওয়া গেছে। যদিও গত বছরের একই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৬১, তবে বছরের শেষার্ধে সাধারণত ডেঙ্গুর সংক্রমণ আরও বৃদ্ধি পায় বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

একই সময়ে চিকুনগুনিয়ায় ৫৯ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে শ্রীলঙ্কা থেকে ১৮টি সংক্রমণ এসেছে। এছাড়া জানুয়ারি থেকে মে পর্যন্ত ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে ম্যালেরিয়ায় ৫৫৭ জন আক্রান্ত হয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি।

স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার ভ্রমণ স্বাস্থ্যবিষয়ক প্রধান বিশেষজ্ঞ ডা. হিলারি কার্কব্রাইড বলেছেন, গ্রীষ্মকাল বিদেশ ভ্রমণের জনপ্রিয় সময় হলেও অসুস্থতা যেন আনন্দ নষ্ট না করে, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভ্রমণের আগে গন্তব্যভিত্তিক স্বাস্থ্য নির্দেশনা, প্রয়োজনীয় টিকা এবং ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ সম্পর্কে তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থানকালে মশা প্রতিরোধক ব্যবহার, শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা এবং প্রয়োজন হলে কীটনাশকযুক্ত মশারির নিচে ঘুমানো উচিত। আগে কোনো দেশে ভ্রমণ করেছেন বলে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, কারণ স্থায়ী বাসিন্দাদের মতো প্রাকৃতিক রোগপ্রতিরোধ ক্ষমতা সাধারণ ভ্রমণকারীদের থাকে না।

এদিকে ভোক্তা অধিকারবিষয়ক সংস্থার এক পরীক্ষায় দেখা গেছে, বাজারের সব মশা প্রতিরোধক সমান কার্যকর নয়। কিছু পণ্য প্রায় দশ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দিলেও কিছু জনপ্রিয় পণ্য কয়েক মিনিটের মধ্যেই কার্যকারিতা হারিয়ে ফেলে। তাই বিশেষজ্ঞরা ডিইইটি, ইকারিডিন (পিকারিডিন) অথবা পিএমডি উপাদানসমৃদ্ধ প্রতিরোধক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও স্পষ্ট করে বলেছেন, মশা প্রতিরোধক ব্যবহার কখনোই টিকা বা প্রতিরোধমূলক ওষুধের বিকল্প নয়। প্রয়োজনীয় টিকা গ্রহণ, চিকিৎসকের পরামর্শ এবং ব্যক্তিগত সুরক্ষাব্যবস্থা—সবকিছু একসঙ্গে অনুসরণ করলেই মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

বিশেষ করে গর্ভবতী নারী এবং যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের বিদেশ ভ্রমণের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। তাদের মতে, সচেতনতা ও আগাম প্রস্তুতিই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বিদেশ ভ্রমণের সবচেয়ে কার্যকর উপায়।

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

লিডসে ব্রিজ ধস

নিউজ ডেস্ক

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ, টিউলিপ প্রসঙ্গে মাস্ক

যুক্তরাজ্যসহ বিশ্বের কয়েকটি দেশে রোজার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক