TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় কমাতে ঘরভাড়া স্থির রাখার চিন্তাঃ নতুন নীতির ইঙ্গিত প্রধানমন্ত্রীর

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় ইংল্যান্ডে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এর অংশ হিসেবে বেসরকারি খাতের বাড়িভাড়া সাময়িকভাবে স্থির রাখা বা ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। একই সঙ্গে বাসভাড়া ও বিদ্যুৎ বিল কমানোর মতো আরও কয়েকটি জনকল্যাণমূলক পদক্ষেপও শিগগির ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে বার্নহ্যাম বলেন, মূল্যস্ফীতির চাপে থাকা পরিবারগুলোর জন্য সরকার দ্রুত কার্যকর এমন কিছু উদ্যোগ নিতে চায়, যা মানুষ অল্প সময়ের মধ্যেই অনুভব করতে পারবেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, বাড়িভাড়া স্থির রাখা, বাসভাড়া কমানো এবং জ্বালানি ব্যয় হ্রাস—এসব বিষয়ই সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, সরকার এমন কিছু সিদ্ধান্ত নিতে চায় যা চলতি বছরেই সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে বাস্তব ভূমিকা রাখবে। তবে পরিকল্পনার চূড়ান্ত রূপ এখনো নির্ধারণ করা হচ্ছে, তাই কোন উদ্যোগ আগে কার্যকর হবে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

অ্যান্ডি বার্নহ্যাম বলেন, এসব উদ্যোগে সব সমস্যার সমাধান হবে না কিংবা মানুষের ওপর থাকা সব আর্থিক চাপ দূর হবে না। তবে এটি সরকারের অগ্রাধিকারের দিকনির্দেশনা স্পষ্ট করবে এবং সাধারণ মানুষকে সহায়তা করার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার প্রমাণ দেবে।

নিজের ভাষণে তিনি আরও বলেন, বর্তমান সময়কে ব্রিটেনের জন্য একটি নতুন মোড় ঘোরানোর সুযোগ হিসেবে দেখছে সরকার। তার দাবি, গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সূচনা করা হবে। তিনি অভিযোগ করেন, উনিশশো আশির দশকে অতিরিক্ত কেন্দ্রীভূত রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রায়ত্ত খাতের বেসরকারিকরণ এবং শিল্পাঞ্চলের অবক্ষয়ের কারণে দেশের বহু অঞ্চল এখনো পিছিয়ে রয়েছে।

বার্নহ্যাম বলেন, তার সরকার রাজনীতিকে আরও সহযোগিতামূলক ও সমস্যা সমাধানভিত্তিক করতে চায়। কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের হাতে আরও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তুলে দেওয়া হবে।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যেই একটি পূর্ণ অর্থায়নসমৃদ্ধ জীবনযাত্রার ব্যয় সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে। এতে জ্বালানি বিল কমানোর পাশাপাশি বাসভাড়ায় ভর্তুকি এবং প্রয়োজনে বেসরকারি খাতের বাড়িভাড়া সাময়িকভাবে স্থির রাখার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে।

সরকারের সম্ভাব্য এই উদ্যোগ বাস্তবায়িত হলে উচ্চ মূল্যস্ফীতি, আবাসন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে চাপে থাকা লাখো ভাড়াটিয়া পরিবারের জন্য তা উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা কীভাবে কার্যকর হবে, কতদিন বহাল থাকবে এবং বাড়িওয়ালাদের জন্য কী ধরনের বিধান রাখা হবে, সে বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছে দেশবাসী।

সূত্রঃ দ্য সান

এম.কে

আরো পড়ুন

লন্ডনে সাফিয়া খাতুন হত্যাঃ ৪৫ বছরের মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী র‍্যাচেল ‍রিভস

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সকল ভিজিটর ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন