TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নতুন ইমিগ্রেশন বিলঃ মানবাধিকারভিত্তিক থাকার সুযোগ কঠোর হচ্ছে

যুক্তরাজ্যের সরকার পার্লামেন্টে ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল ২০২৬-এর সেকেন্ড রিডিং উপস্থাপন করেছে। বিলটি দেশের অভিবাসন, আশ্রয় (Asylum), মানবাধিকার এবং আধুনিক দাসত্ববিষয়ক আইন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রস্তাব করছে। তবে এটি এখনো আইনে পরিণত হয়নি; আইন কার্যকর হওয়ার আগে বিলটিকে পার্লামেন্টের সব ধাপ সফলভাবে অতিক্রম করতে হবে।

প্রস্তাবিত বিল অনুযায়ী, বর্তমান ইমিগ্রেশন আপিলস ট্রাইব্যুনাল বিলুপ্ত করে তার পরিবর্তে ইনডিপেনডেন্ট ইমিগ্রেশন আপিলস অথরিটি (IIAA) গঠন করা হবে। নতুন এই কর্তৃপক্ষের অধীনে অ্যাডজুডিকেটর নিয়োগের মাধ্যমে আপিল নিষ্পত্তির প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া ইউরোপীয় মানবাধিকার সনদের আর্টিকেল ৮, যা পারিবারিক ও ব্যক্তিগত জীবনের অধিকার নিশ্চিত করে, সেই ধারার ভিত্তিতে যুক্তরাজ্যে থাকার আবেদন আরও কঠোরভাবে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। ফলে ভবিষ্যতে মানবাধিকারভিত্তিক কারণে যুক্তরাজ্যে থাকার অনুমতি পাওয়া আগের তুলনায় আরও কঠিন হতে পারে।

বিলে বর্তমান রিফিউজি স্ট্যাটাস এবং হিউম্যানিটারিয়ান প্রোটেকশন ব্যবস্থার পরিবর্তে একটি একক “প্রোটেকশন স্ট্যাটাস” চালুর প্রস্তাবও রয়েছে। পাশাপাশি, যেসব ব্যক্তি আশ্রয় আবেদন শেষে সুরক্ষা পাবেন, তাদের আবেদন প্রক্রিয়াকালে সরকারের কাছ থেকে প্রাপ্ত আর্থিক সহায়তার একটি অংশ পরিশোধ করার বিধানও বিবেচনায় রাখা হয়েছে।

আধুনিক দাসত্ব (Modern Slavery) প্রতিরোধেও বিলটিতে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতা বৃদ্ধি, ভুক্তভোগী শনাক্তকরণ প্রক্রিয়ার সংস্কার এবং ব্যবসা প্রতিষ্ঠানের সরবরাহ শৃঙ্খলে (Supply Chain) স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নতুন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিলটি পাস হলে যুক্তরাজ্যের অভিবাসন ও আশ্রয়ব্যবস্থায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। বিশেষ করে মানবাধিকারভিত্তিক আবেদন, আপিল প্রক্রিয়া এবং শরণার্থী সুরক্ষার ক্ষেত্রে নতুন কাঠামো কার্যকর হবে।

তবে মনে রাখতে হবে, ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল ২০২৬ বর্তমানে কেবল পার্লামেন্টে সেকেন্ড রিডিং পর্যায়ে রয়েছে। এটি আইন হিসেবে কার্যকর হওয়ার আগে কমিটি পর্যায়ে পর্যালোচনা, রিপোর্ট স্টেজ, থার্ড রিডিং এবং হাউস অব লর্ডসসহ পার্লামেন্টের বাকি সব ধাপ সম্পন্ন করে রাজকীয় অনুমোদন (Royal Assent) পেতে হবে। তাই প্রস্তাবিত পরিবর্তনগুলো এখনই কার্যকর হচ্ছে না।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

পশ্চিম লন্ডনে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল জুড়ে মানবপাচার রোধে আসছে নতুন কমান্ডো ফোর্স

যুক্তরাজ্যে সরকারি তদন্তের পর কলেজের স্টুডেন্ট ফাইন্যান্স ঋণ অনুদান বাতিল