আগামী পবিত্র রমজানকে সামনে রেখে নামাজ, সাহরি ও ইফতারের সময়সূচি নির্ভুলভাবে প্রণয়ন, প্রকাশ ও প্রচারের বিষয়ে লন্ডন সালাহ টাইমটেবিল ইউনিফাইড উলামা কমিটির সঙ্গে মতবিনিময় করেছে যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল এসের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় চ্যানেল এসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফিরদাউস জলিলের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়। সভায় আগামী রমজানের ইবাদত-বন্দেগির সময়সূচি নির্ধারণে আলেম-উলামাদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা এবং গণমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয় জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। লন্ডন সালাহ টাইমটেবিল ইউনিফাইড উলামা কমিটির মহাসচিব শায়খ ইমদাদুর রহমান আল-মাদানীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শায়খ আল্লামা হাফেজ আব্দুল জলিল।
সভাপতির স্বাগত বক্তব্যে শায়খ আল্লামা হাফেজ আব্দুল জলিল যথাসময়ে আজান প্রদান ও নামাজ আদায়ের গুরুত্ব তুলে ধরেন। মুসলিম কমিউনিটির মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি এবং নির্ভুল সময়সূচি সবার কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন মহাসচিব শায়খ ইমদাদুর রহমান আল-মাদানী। তিনি বলেন, যুক্তরাজ্যে মুসলিম উম্মাহর ইবাদত-বন্দেগি সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে পালনের জন্য নামাজের সঠিক সময় নির্ধারণ এবং রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রণয়নে আলেম-উলামাদের মধ্যে ঐকমত্য, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অপরিহার্য।

Unified Ulama Salat Timetable 2027
তিনি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে চ্যানেল এসের ভূমিকার কথাও উল্লেখ করেন।
সভায় যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট আলেম-উলামা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, মুফতি ইলিয়াছ হোসাইন, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সৈয়দ আশরাফ আলী, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, মুফতি আব্দুল মুনতাকিম, মাওলানা আবুল হাসানাত চৌধুরী, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, মাওলানা আশরাফুজ্জামান, মুহাদ্দিস মাওলানা শেহাব উদ্দীন, মুফতি মাওলানা আশরাফুর রহমান, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, মাওলানা দিলাওয়ার হোসেন, মাওলানা নিজাম উদ্দিন ও মাওলানা আশরাফসহ অনেকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঙ্গা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম। অন্যদিকে চ্যানেল এসের পক্ষে উপস্থিত ছিলেন জনাব ফারহান মাসুদ খানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।
আলোচনায় আগামী রমজানের নামাজ, সাহরি ও ইফতারের সময়সূচি নির্ভুলভাবে প্রস্তুত করার পাশাপাশি তা যথাযথভাবে প্রকাশ ও প্রচারের বিষয়টি গুরুত্ব পায়। এ ক্ষেত্রে আলেম-উলামা ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
সভা শেষে চ্যানেল এসের পক্ষ থেকে উপস্থিত আলেম-উলামাদের আপ্যায়ন করা হয়। পরে সংগঠনের সভাপতি শায়খ আল্লামা হাফেজ আব্দুল জলিলের পরিচালনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
এমকে

