9 C
London
April 23, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সকল মুসলিম ভোটার এক ছাতার নীচে আনতে কাজ শুরু করেছে বৃহৎ মুসলিম সংগঠন

যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন নতুন কৌশল নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সংগঠনটির মহাসচিব ডা. ওয়াজিদ আখতার জানিয়েছেন, নিউইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি-এর সফল নির্বাচনী প্রচারণা থেকে অনুপ্রাণিত হয়ে তারা যুক্তরাজ্যে একই ধরনের কার্যক্রম জোরদার করছেন।

ডা. আখতার বলেন, মামদানির প্রচারণায় তৃণমূল সংগঠন, জনসম্পৃক্ততা এবং স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে যোগাযোগ কৌশল ছিল অত্যন্ত কার্যকর। বিশেষ করে আন্তর্জাতিক ইস্যুর পাশাপাশি স্থানীয় সমস্যা—যেমন বাসাভাড়া ও জীবনযাত্রার ব্যয়—কে গুরুত্ব দেওয়ার বিষয়টি তাদের নজর কেড়েছে।

এই অভিজ্ঞতার আলোকে সংগঠনটি ‘হাংগরি ফর চেঞ্জ’ নামে একটি কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ভোটার হিসেবে নিবন্ধন এবং নাগরিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩০টিরও বেশি এলাকায় প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে, যারা হাজারো মানুষকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা করেছেন।

সংগঠনটির পরিকল্পনা অনুযায়ী, আগামী জাতীয় নির্বাচনের আগে এই উদ্যোগকে সারাদেশে বিস্তৃত করা হবে। তবে তারা নিজেদের নির্দলীয় অবস্থান বজায় রাখার কথা জানিয়েছে।

যুক্তরাজ্যে প্রায় দুই হাজার মসজিদ রয়েছে, যার মধ্যে প্রায় পাঁচশ’ মসজিদ এই সংগঠনের সঙ্গে যুক্ত। নতুন কৌশলের অংশ হিসেবে মসজিদ গুলোকে কেবল ধর্মীয় উপাসনালয় নয়, বরং সামাজিক ও কমিউনিটি কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু মসজিদে মানসিক স্বাস্থ্য সহায়তা এবং জরুরি চিকিৎসা প্রশিক্ষণ চালু করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে দূরত্বে থাকা এই সংগঠন এখন তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনছে। সরকারকে কেন্দ্র করে নয়, বরং জনগণের কল্যাণে কাজ করাকেই তারা অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ডা. আখতার।

তিনি আরও বলেন, মুসলিম সমাজে দান-খয়রাতের ক্ষেত্রেও নতুন চিন্তা প্রয়োজন। বিদেশে অর্থ ব্যয়ের পাশাপাশি দেশের ভেতরের সমস্যা—যেমন সহিংসতা, আবাসন সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জ—সমাধানে গুরুত্ব দেওয়া উচিত।

ডা. আখতার মনে করেন, বর্তমান বিশ্বে বিভাজনমূলক রাজনীতি ও বিদ্বেষের উত্থান মোকাবিলায় ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগ অপরিহার্য।

তিনি ব্রিটিশ মুসলিমদের প্রতি আহ্বান জানান, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যেতে।
তার ভাষায়, “এটাই আমাদের সময়—সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার সময়।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

চ্যানেল দিয়ে ছোট নৌকায় হাজার হাজার মানুষ পাঠিয়েছে পাচারকারীচক্র

রিফর্ম পার্টির নেতৃত্ব নিয়ে যুক্তরাজ্যে শুরু হয়েছে নতুন টানাপোড়েন

৩৭ হাজার ফুট উচ্চতায় নগ্ন হয়ে উদ্দাম নেচে গ্রেপ্তার ব্রিটিশ এয়ারওয়েজের কর্মী