17.7 C
London
October 3, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ‘স্টপ দ্য বোটস’ স্লোগানে উত্তাল দক্ষিণ উপকূলঃ বিক্ষোভ ঘিরে পুলিশের জরুরি ব্যবস্থা

যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলের দুটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী সাউদাম্পটন ও ডোভারে অভিবাসনবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও পাল্টা-বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে এবং কিছু এলাকায় মুখ ঢাকার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সাউদাম্পটন ও ডোভারে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে অভিবাসনবিরোধী স্লোগান দেন। তাদের মধ্যে সাউথ কোস্ট প্যাট্রিয়টসের সদস্য এবং ইংলিশ ডিফেন্স লীগের ব্যানার বহনকারী কিছু দলও ছিল। এর পাল্টা কর্মসূচি হিসেবে বর্ণবাদবিরোধী সংগঠন স্ট্যান্ড আপ টু রেসিজম-এর সমর্থকেরাও সমাবেশ করেন।
বিক্ষোভের কারণে দুই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়।
সাউদাম্পটনে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের হাতে ইংল্যান্ডের সেন্ট জর্জ পতাকা ও ইউনিয়ন জ্যাক দেখা যায়। তারা ‘স্টপ দ্য বোটস’ এবং ‘ইংল্যান্ড টিল আই ডাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা সাউদাম্পটন ক্রাউন কোর্টের সামনে অবস্থান নেন। সেখানে মাইকে বক্তব্য দেওয়া এক বক্তা পুলিশের উদ্দেশে বলেন, পুলিশকে তাদের সুরক্ষা দেওয়ার কথা, ‘অবৈধভাবে দেশে আসা’ ব্যক্তিদের নয়।
বিক্ষোভ চলাকালে মিছিলকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কয়েক দফা উত্তপ্ত বাকবিতণ্ডাও হয়। একটি ক্যাফের বাইরে থাকা এক নারী মিছিলকারীদের উদ্দেশে প্রকাশ্যে অপমানজনক মন্তব্য করেন।
অন্যদিকে ডোভারেও অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা মিছিল করেন। ডোভার প্রিয়রি স্টেশনের বাইরে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়ক দিয়ে এগিয়ে যান এবং তাদের পেছনে ডোভারের বিখ্যাত সাদা পাহাড়ও দেখা যায়।
বিক্ষোভকারীদের ভিড়ে এক চালক ভুল দিক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং তাকে আটক করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হ্যাম্পশায়ার পুলিশ সাউদাম্পটনজুড়ে একটি কঠোর ডিসপার্সাল অর্ডার জারি করে। একই সঙ্গে বিক্ষোভকারীদের পরিচয় গোপন করার সম্ভাবনা ঠেকাতে নির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
কেন্ট পুলিশও ডোভার ও আশপাশের এলাকায় একই ধরনের বিধিনিষেধ কার্যকর করে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
বিক্ষোভকে কেন্দ্র করে দুই শহরেই পুলিশ ও বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলেও কর্তৃপক্ষের মূল লক্ষ্য ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা।
যুক্তরাজ্যে অভিবাসন ও ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের বিষয়টি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। সাউদাম্পটন ও ডোভারের এই বিক্ষোভ সেই বিতর্ককে আবারও রাজপথে নিয়ে এসেছে।
সূত্রঃ মিরর
এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের ক্রিমফিল্ডস উৎসবের আগে মাটির নিচে বিপুল মাদক উদ্ধার

যুক্তরাজ্যে ভিন্ন বয়সের দম্পতিদের পেনশন সুবিধায় কড়াকড়ি

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬