13.3 C
London
April 29, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয় থেকে অফার, ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ অর্জন করলেন বাংলাদেশের মীম

বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার মুমতাহিনা করিম মীম যুক্তরাষ্ট্রের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার প্রস্তাব পেয়েছেন। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা এই তরুণীর জন্য এটি এক অনন্য অর্জন।

যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজ থেকে তিনি বিশ্ববিখ্যাত ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ লাভ করেছেন, যা একটি ফুল-রাইড স্কলারশিপ। প্রতি বছর বিশ্বব্যাপী মাত্র চারজন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হন। এ বছর যুক্তরাষ্ট্রের বাইরে থেকে একমাত্র নির্বাচিত শিক্ষার্থী মীম।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রস্তাবিত স্কলারশিপের মোট মূল্য প্রায় ৩৬ কোটি টাকা হলেও মীম হেনড্রিক্স কলেজে কম্পিউটার সায়েন্স (ডুয়েল-ইঞ্জিনিয়ারিং) প্রোগ্রামে স্নাতক সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৫ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।

শৈশব থেকেই প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি মীমের ঝোঁক ছিল। সপ্তম শ্রেণিতে নিজের হাতে একটি ওয়েবসাইট তৈরি করেন, নবম শ্রেণিতে প্রতিষ্ঠা করেন ৬৫ সদস্যের প্রোগ্রামিং ক্লাব। করোনা মহামারির সময় ঘরে বসেই একটি মিনি রোবটিক্স ল্যাব গড়ে তুলে ‘কিবো’ নামের একটি খাবার পরিবেশনকারী রোবট তৈরি করেন।

মীম চট্টগ্রাম শহরের অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং কাপাসগোলা মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন। শৈশবে বাবা-মার সঙ্গে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকেই তার বিদেশে উচ্চশিক্ষার আগ্রহ জন্ম নেয়।

তার এই অসাধারণ সাফল্যে গত ১ আগস্ট বিকেলে সরফভাটা বড়বাড়িতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনরা মীমের অর্জনে গর্ব প্রকাশ করেন।

নিজের যাত্রা সম্পর্কে মীম বলেন, “সহশিক্ষা কার্যক্রম আমার পরিচয়ের বড় অংশ। বিতর্ক, চিত্রাঙ্কন, গান, বিজ্ঞান মেলা—সবখানেই সক্রিয় থেকেছি। এসব থেকে অনুপ্রেরণা পেয়েছি। বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন ছিল, সেটার জন্য ধাপে ধাপে নিজেকে তৈরি করেছি। মা-বাবা আর শিক্ষকদের সহায়তায় আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি।”

মীমের এই সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এম.কে
০৪ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ঋণ পরিশোধের সময় বাড়িয়ে ৩০ বছর করতে ‘নীতিগতভাবে একমত’ চীন

বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ মনে করে না অন্তর্বর্তী সরকার: তথ্য উপদেষ্টা

ভারতের স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করল বাংলাদেশ