23.3 C
London
July 4, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রাসায়নিক স্প্রে আর কাজে দিচ্ছে না, যুক্তরাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে ছারপোকা

যুক্তরাজ্যজুড়ে দ্রুত বাড়ছে ছারপোকার উপদ্রব। বিশেষজ্ঞরা বলছেন, জিনগত পরিবর্তনের মাধ্যমে এক ধরনের রাসায়নিক-প্রতিরোধী ‘সুপার’ ছারপোকা তৈরি হয়েছে, যা প্রচলিত অনেক কীটনাশকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। ফলে বাজারে সহজলভ্য স্প্রে ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। বরং ভুলভাবে রাসায়নিক স্প্রে প্রয়োগ করলে ছারপোকা আরও ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে সংক্রমণ বিস্তার করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বহু বছর ধরে একই ধরনের কীটনাশক ব্যবহারের ফলে ছারপোকার মধ্যে জিনগত পরিবর্তন ঘটেছে। এর ফলে তারা সাধারণ রাসায়নিকের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হচ্ছে। এ কারণে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ছারপোকার উপদ্রব উদ্বেগজনক হারে বাড়ছে।

পোকা নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ছারপোকা দেখা মাত্রই বাজারের সস্তা বা সাধারণ স্প্রে ব্যবহার করা উচিত নয়। এসব স্প্রে অনেক ক্ষেত্রে ছারপোকাকে না মেরে বরং আতঙ্কিত করে দেয়। ফলে তারা দেয়ালের ফাঁক, আসবাবপত্রের ভেতর বা পাশের কক্ষে গিয়ে লুকিয়ে পড়ে এবং পরে আরও বড় আকারে বিস্তার লাভ করে। এতে সমস্যার সমাধান হওয়ার পরিবর্তে নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রথমেই নিশ্চিত হতে হবে যে বাড়িতে সত্যিই ছারপোকার উপস্থিতি রয়েছে। বিছানার চাদরে ছোট কালো মলদাগ, শুকিয়ে যাওয়া রক্তের চিহ্ন, গদির সেলাইয়ের ফাঁকে খোলস কিংবা ছোট লালচে-বাদামি ছারপোকা দেখা গেলে তা সংক্রমণের গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

ছারপোকা দমনে বর্তমানে সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে সমন্বিত কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। এ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রার হিট ট্রিটমেন্ট, গরম বাষ্পের মাধ্যমে স্টিম ট্রিটমেন্ট এবং বিশেষ পর্যবেক্ষণ ও ফাঁদ ব্যবস্থাকে একসঙ্গে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র রাসায়নিকের ওপর নির্ভর না করে এ ধরনের সমন্বিত ব্যবস্থা গ্রহণ করলে সফলতার সম্ভাবনা অনেক বেশি থাকে।

তারা আরও বলেন, ছারপোকার উপস্থিতির প্রথম লক্ষণ দেখা দিলেই অনুমোদিত ও অভিজ্ঞ কীটপতঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া উচিত। কারণ প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া গেলে ছারপোকার বিস্তার রোধ করা সহজ হয় এবং পুরো বাড়িতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে ছারপোকার বিরুদ্ধে সফল লড়াইয়ের জন্য সচেতনতা, দ্রুত শনাক্তকরণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ন্ত্রণই সবচেয়ে কার্যকর উপায়।

সূত্রঃ দ্য সান

এম.কে

আরো পড়ুন

বিপিএলে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন

আওয়ামী ওলিগার্ক তৈরি মিশনের মূল খেলোয়াড় ছিলেন টিউলিপ

নিউজ ডেস্ক

ব্রিটেনের দুর্নীতিবিরোধী কার্যালয়ের পদ থেকে টিউলিপকে অপসারণের দাবি