TV3 BANGLA
বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৫ হাজার বাংলাদেশির রেসিডেন্সি ও ওয়ার্ক ভিসা বাতিল

প্রায় ৫ হাজার বাংলাদেশি নাগরিকের রেসিডেন্সি ও ওয়ার্ক ভিসা সংযুক্ত আরব আমিরাত বাতিল করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট। ক্ষতিগ্রস্তদের মধ্যে শ্রমিক, ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও রয়েছেন।

ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অনেক বাংলাদেশি নিয়মিত ছুটি কিংবা পারিবারিক প্রয়োজনে বাংলাদেশে আসার পর জানতে পারেন, তাদের অনুপস্থিতির সময় সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি অথবা ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। ফলে অনেকেই বর্তমানে দেশটিতে ফিরে যেতে পারছেন না।

ভিসা বাতিলের বিষয়টি কেউ ই-মেইল, কেউ মোবাইল ফোনে পাওয়া বার্তা এবং কেউ সংযুক্ত আরব আমিরাতে থাকা স্পনসরের মাধ্যমে জানতে পেরেছেন। ক্ষতিগ্রস্ত কয়েকজনের দাবি, ভিসা বাতিলের আগে তাদের কোনো ধরনের আগাম নোটিশ দেওয়া হয়নি। একই সঙ্গে অনেককে বাতিলের সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন, যারা সংযুক্ত আরব আমিরাতে কয়েক বছর এমনকি কয়েক দশক ধরে বসবাস করছেন। তাদের কেউ দেশটিতে ব্যবসা গড়ে তুলেছেন, কেউ সম্পত্তি কিনেছেন এবং অনেকে পরিবার নিয়ে দুবাই ও আবুধাবির মতো শহরে বসবাস করছেন।

ভিসা বাতিলের ফলে ক্ষতিগ্রস্তদের চাকরি ও ব্যবসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে থাকা তাদের পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি। তবে অভিবাসন বিশেষজ্ঞ ও কমিউনিটি প্রতিনিধিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা যাচাই ও ভেটিং প্রক্রিয়া আরও কঠোর করার বিষয়টি এর সঙ্গে সম্পর্কিত হতে পারে।

সম্ভাব্য কারণ হিসেবে নথিপত্রের সমস্যা, ভিসা নবায়নে বিলম্ব এবং ব্যক্তিদের অনলাইন কর্মকাণ্ড-সংক্রান্ত যাচাইয়ের বিষয়গুলো আলোচনায় এসেছে। তবে এগুলো সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিসা বাতিলের নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।

বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উদ্বেগের কথা জানিয়েছেন। শ্রম ও প্রবাসী কল্যাণ-সংক্রান্ত কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ এসব ঘটনা পর্যালোচনার জন্য উদ্যোগ নিয়েছে এবং যেসব ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনগত লঙ্ঘনের অভিযোগ নেই, তাদের ভিসা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটি প্রক্রিয়া চালুর বিষয়েও কাজ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ কেউ বিক্ষোভও করেছেন এবং ভিসা বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

প্রবাসীরা একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে যোগ্য ব্যক্তিদের রেসিডেন্সি ও কাজের অনুমতি পুনর্বহালের সুযোগ তৈরি হয়।

যেসব বাংলাদেশি ভিসা বাতিলের কারণে সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারছেন না, তারা বিকল্প কর্মসংস্থানের সুযোগ এবং জীবিকা পুনর্গঠনে সহায়তার দাবিও জানিয়েছেন।

সূত্রঃ ফার্স্টপোস্ট

এম.কে

আরো পড়ুন

প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা তথ্য পৌঁছেছে যুক্তরাষ্ট্রে: সিনেটর

ভোগান্তি কমাতে বিমানবন্দরে কাস্টমসের ‘ফাস্ট ট্র্যাক’ সার্ভিস চালু