TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রলবোমা হামলা

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার বাসভবনের প্রবেশপথের ফটক লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে সেখানে আগুন ধরে গেলেও পরে তা নিভিয়ে ফেলা হয়।

সিলেট মহানগর পুলিশের কমিশনার সরওয়ার মুর্শেদ শামীম বিষয়টি দৈনিক ওয়াদাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাসভবনের প্রবেশপথে হামলা চালায়। এতে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কীভাবে এবং কোন পদ্ধতিতে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

তবে এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় কেউ দায় স্বীকারও করেনি।

বাংলাদেশজুড়ে সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার ধারাবাহিকতার মধ্যে এ হামলার ঘটনা ঘটল। আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে বিভিন্ন স্থানে সহিংসতার কয়েকটি ঘটনায় তার সমর্থকদের দায়ী করছে কর্তৃপক্ষ।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৭৪টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিনটি স্থাপনায় হামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তাদের বিভিন্ন শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ অথবা অগ্নিসংযোগের চেষ্টা চালানোর ৭২টি ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গোপালগঞ্জে দিনব্যাপী অবরোধ চলাকালে আওয়ামী লীগের কর্মীরা মুকসুদপুর থানাসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া গত সপ্তাহে নড়াইল ও ফরিদপুরে পৃথক হামলায় বিএনপির তিন নেতা নিহত হন। এসব হত্যাকাণ্ডের পেছনেও আওয়ামী লীগের সমর্থকদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে হামলার ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সূত্রঃ ডেইলি ওয়াদা

এমকে

আরো পড়ুন

জিআই পণ্যের স্বীকৃতি পেলো মধুপুরের আনারস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’

নিউজ ডেস্ক

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে নাঃ ইসি