17.8 C
London
October 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটে প্রথমবার চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’: এক জায়গায় মিলবে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা

সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের রোগ নির্ণয় ও পরিচর্যার জন্য বিশেষায়িত ‘প্লান্ট হেলথ ক্লিনিক’। বুধবার (১৪ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন রোগ শনাক্তকরণ, পরিচর্যা এবং সমস্যা সমাধানে গবেষণাভিত্তিক সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চতুর্থ তলায় স্থাপিত ক্লিনিকটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগের গবেষণা, মানসম্মত শিক্ষা এবং সম্প্রসারণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নেওয়া একটি উপপ্রকল্পের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

উদ্বোধন শেষে কৃষি অনুষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার বলেন, গবেষণাগারের প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন সেখানে পরিচালিত গবেষণার ফলাফল এ অঞ্চলের কৃষকদের কাজে লাগবে। গুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও সংশ্লিষ্ট দলের সদস্যদের তিনি ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ক্লিনিকটিতে উদ্ভিদের বিভিন্ন রোগ নির্ণয়, পরিচর্যা এবং উদ্ভিদসংক্রান্ত নানা সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান নিয়ে কাজ করা হবে। গবেষণার ফলাফল কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং উদ্ভিদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পরামর্শ দেওয়াও এ ধরনের উদ্যোগের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

কৃষিনির্ভর সিলেট অঞ্চলে ফসল ও অন্যান্য উদ্ভিদের রোগ শনাক্তকরণ এবং সঠিক পরিচর্যার বিষয়ে গবেষণাভিত্তিক সহায়তা কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন এই ক্লিনিকের কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ও মাঠপর্যায়ের কৃষিকাজের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সূত্রঃ সিলেট টু’ডে২৪

এমকে

আরো পড়ুন

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

বিশ্বকাপের রঙে রঙিন বাংলাদেশ, অথচ নিজের ফুটবল অন্ধকারে