TV3 BANGLA
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ছবি: এএফপি
যুক্তরাজ্য (UK)

স্লেভ ট্রেডের ঐতিহাসিক দায় স্বীকারে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রীঃ তবে আর্থিক ক্ষতিপূরণ নয়

ব্রিটেনের ঐতিহাসিক স্লেভ ট্রেডে ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবির বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তবে অতীতের স্লেভ ট্রেডের জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করেছেন তিনি। বার্নহাম বলেছেন, এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে তিনি আগ্রহী এবং ব্রিটিশ রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবিও সেই আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হবে।

আগামী সপ্তাহে ক্যারিবীয় অঞ্চলে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দেওয়ার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সম্মেলনের আগে দ্য গার্ডিয়ান পত্রিকায় লেখা এক নিবন্ধে তিনি স্লেভ ট্রেডের কারণে লাখ লাখ মানুষের ওপর চালানো নির্যাতন ও দুর্ভোগের জন্য ব্যক্তিগতভাবে দুঃখ ও অনুশোচনা প্রকাশ করেন।

বার্নহাম বলেন, আটলান্টিক মহাসাগরকেন্দ্রিক স্লেভ ট্রেড ছিল নিষ্ঠুর ও বর্বর। সেই সময় মানুষকে সম্পত্তির মতো বিবেচনা করা হতো এবং অনেককে কাজ করতে করতে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এই ইতিহাস কীভাবে বর্তমান বিশ্বকে প্রভাবিত করছে, সেটিও স্বীকার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, স্লেভ ট্রেডে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে একটি কাঠামোবদ্ধ সংলাপের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্রিটিশ রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার যে দাবি উঠেছে, তা এই আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পাবে। এ বিষয়ে তিনি উন্মুক্ত মনোভাব পোষণ করেন।

তবে স্লেভ ট্রেডের জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবির সঙ্গে একমত নন বার্নহাম। তার যুক্তি, বর্তমান প্রজন্মের ব্রিটিশ নাগরিকদের অতীতের ঐতিহাসিক অন্যায়ের জন্য দায়ী করা যায় না। কারণ এসব ঘটনা ঘটেছে ভিন্ন সময় ও ভিন্ন আইনি ব্যবস্থার অধীনে, যেখানে বর্তমান ব্রিটিশ নাগরিকদের ব্যক্তিগত কোনো ভূমিকা ছিল না।

এর পরিবর্তে ঋণের বোঝায় থাকা দেশগুলোকে সহায়তার পরিকল্পনা তুলে ধরেছেন তিনি। এ উদ্যোগের আওতায় দেশগুলোকে আরও দীর্ঘ সময় ধরে এবং তুলনামূলক অনুকূল সুদের হারে ঋণ পরিশোধের সুযোগ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

এই উদ্যোগে ব্রিটিশ অর্থমন্ত্রী জন হিলি, পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এবং সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বার্নহাম।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে ক্যারিবীয় দেশগুলোকে সহযোগিতা, আন্তর্জাতিক অঙ্গনে ছোট রাষ্ট্রগুলোর স্বার্থ তুলে ধরা এবং নারী ও মেয়েদের শিক্ষার প্রসারে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলায় কাজ করার কথাও উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে আটলান্টিককেন্দ্রিক স্লেভ ট্রেডে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকার জন্য আনুষ্ঠানিক ক্ষমা এবং আর্থিক ক্ষতিপূরণ দাবি করে আসছে। রাজা তৃতীয় চার্লসের সাম্প্রতিক ক্যারিবীয় সফরেও বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বাহামাস সফরে রাজা অতীতের ভয়াবহ দুর্ভোগ ও অবিচারের কথা স্বীকার করলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবির বিষয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

আফগান শরণার্থীদের জন্য লন্ডন মেয়রের পরিকল্পনা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোতে পেমেন্ট পদ্ধতিতে বড় পরিবর্তনের আভাস

মাত্র £৫ মূল্যের রক্ত পরীক্ষাই হাজারের বেশি হৃদরোগ প্রতিরোধে সহায়তা করতে পারেঃ গবেষণা