TV3 BANGLA
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র, ইরানের তীব্র প্রতিক্রিয়া

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করে একটি বিতর্কিত মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে মানচিত্রটির ছবি প্রকাশ করেন তিনি।

প্রকাশিত মানচিত্রে ইরান ও ওমানের মধ্যবর্তী কৌশলগত এই জলপথকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের ধারাবাহিকতাতেই এ মানচিত্র প্রকাশ করা হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ বা সেখানে চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এর আগে গত শুক্রবার ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ধারণার কথা প্রকাশ্যে তুলে ধরেন। তিনি দাবি করেন, কঠোর অবরোধের মাধ্যমে কৌশলগত এই জলপথটি বর্তমানে মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সময়ে প্রকাশিত মানচিত্রের মাধ্যমে সেই দাবিকে আরও দৃশ্যমানভাবে তুলে ধরা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের বক্তব্য ও মানচিত্র প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান মার্কিন প্রেসিডেন্টের দাবিকে ‘অলীক কল্পনা’ হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের ভাষ্য, পরাজয়ের বাস্তবতা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিতে যুক্তরাষ্ট্র এমন বিভ্রান্তিকর বক্তব্য ও দাবি সামনে আনছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও কঠোর অবস্থান নিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালি অতীতেও ইরানের ছিল, বর্তমানে ইরানের রয়েছে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। একই সঙ্গে তেহরান স্পষ্ট করেছে, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথ কখন বন্ধ বা উন্মুক্ত করা হবে—সে সিদ্ধান্ত ইরানের হাতেই থাকবে।

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বক্তব্য এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের দাবি এবং ইরানের সার্বভৌমত্বের পাল্টা অবস্থান পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপ এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে একের পর এক বক্তব্য সামনে আসছে। ফলে নতুন করে প্রকাশিত এই মানচিত্র কেবল প্রতীকী রাজনৈতিক বার্তা, নাকি হরমুজ প্রণালিতে মার্কিন নীতির আরও কঠোর অবস্থানের ইঙ্গিত—তা নিয়েই আন্তর্জাতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

জাপানের জলসীমায় প্রথমবারের মতো চীনা রণতরীর অনুপ্রবেশ

দক্ষিণ আফ্রিকার চরম বিতর্কিত সমকামী ইমামকে গুলি করে হত্যা

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীরা হোম অফিস থেকে বাঁচতে গা ঢাকা দিয়ে আছে