23.7 C
London
August 16, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হিথ্রোর কাছে আশ্রয়প্রার্থী হোটেলে প্রাণঘাতী হামলাঃ সশস্ত্র পুলিশ মোতায়েন

হিথ্রো বিমানবন্দরের কাছে যুক্তরাজ্যের সারে কাউন্টির স্টেইনস এলাকায় আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি হোটেলে ছুরিকাঘাতের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় স্ট্যানওয়েল হোটেলে ঘটে যাওয়া এ ঘটনায় ত্রিশের কোঠার এক ব্যক্তি প্রাণসংহারী আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর হত্যাচেষ্টার অভিযোগে বিশের কোঠার এক সোমালি নাগরিককে গ্রেপ্তার করেছে সারে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে স্ট্যানওয়েল হোটেলে ছুরিকাঘাতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সশস্ত্র পুলিশও ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

আহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সারে পুলিশ জানিয়েছে, তিনি ত্রিশের কোঠার একজন পুরুষ এবং তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সারে পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট কেট হাইডার বলেন, ঘটনার প্রকৃতির কারণে সশস্ত্র কর্মকর্তাদের পাঠানো হয়েছিল এবং তারা গ্রেপ্তারে সহায়তা করেছেন। তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত চলমান থাকায় এলাকায় পুলিশের উপস্থিতি বজায় রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

পুলিশ স্পষ্ট করেছে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো সন্দেহভাজনকে তারা বর্তমানে খুঁজছে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অনুমানভিত্তিক তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

স্ট্যানওয়েল হোটেলটি কয়েক বছর ধরে আশ্রয়প্রার্থীদের থাকার জন্য ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি এটিকে পুনরায় সাধারণ হোটেল হিসেবে চালু করার পরিকল্পনাও আলোচনায় রয়েছে। তবে সর্বশেষ ছুরিকাঘাতের এই ঘটনাকে ঘিরে এলাকাটিতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্রঃ ক্রাইম ওয়াচ

এম.কে

আরো পড়ুন

হংকং নিয়ে ব্রিটেনের হস্তক্ষেপে ক্ষুব্ধ চায়না

ব্রিটিশ পুলিশ আর বিএমডব্লিউর গাড়ি পাবে না

ইংল্যান্ডে আউটডোর স্পোর্টস ফেরত আসবে ২৯ মার্চ