14.2 C
London
October 7, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

২০২৭ সালে ব্রিটেনে কাউন্সিল ট্যাক্সে বড় ধাক্কাঃ কোথাও বাড়তে পারে ১৫০ শতাংশ

ব্রিটেনের কয়েকটি এলাকায় ২০২৭ সাল থেকে কাউন্সিল ট্যাক্সে বড় ধরনের বৃদ্ধি হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষগুলোকে স্বাভাবিক ৫ শতাংশ সীমার বাইরে গিয়ে কর বাড়ানোর বিশেষ অনুমতি দেওয়ার পর ছয়টি কাউন্সিল বড় ধরনের বৃদ্ধির কথা বিবেচনা করছে। এর মধ্যে দুটি কাউন্সিল ইতোমধ্যে বড় বৃদ্ধির পরিকল্পনা প্রকাশ করেছে।

দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ অ্যান্ড ফুলহ্যাম কাউন্সিল কাউন্সিল ট্যাক্স সর্বোচ্চ ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা প্রকাশ করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে ব্যান্ড ডি বাড়ির বাসিন্দাদের বছরে অতিরিক্ত প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড দিতে হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। কাউন্সিলের বাজেট প্রতিবেদনে বলা হয়েছে, ১৫০ শতাংশ বৃদ্ধি ছাড়া বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব হবে না।

এদিকে, বর্তমানে দেশের সবচেয়ে কম কাউন্সিল ট্যাক্সের হার থাকা ওয়ান্ডসওয়ার্থ কাউন্সিল ৯৪ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা জানিয়েছে। এতে ব্যান্ড ডি বাড়ির বার্ষিক কাউন্সিল ট্যাক্স ১ হাজার ২০ পাউন্ড থেকে বেড়ে ১ হাজার ৯৭৮ পাউন্ড হতে পারে। অর্থাৎ বছরে অতিরিক্ত প্রায় ৯৫৮ পাউন্ড দিতে হবে।

ওয়েস্টমিনস্টার কাউন্সিলও কাউন্সিল ট্যাক্স ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। বর্তমানে সেখানে ব্যান্ড ডি বাড়ির বাসিন্দারা বছরে ১ হাজার ৪৭ পাউন্ড কাউন্সিল ট্যাক্স দেন। প্রস্তাব কার্যকর হলে গড়ে বছরে ৫০০ পাউন্ডের বেশি অতিরিক্ত দিতে হতে পারে।

এ ছাড়া কেনসিংটন অ্যান্ড চেলসি, সিটি অব লন্ডন এবং উইন্ডসর অ্যান্ড মেইডেনহেড কাউন্সিলও বড় ধরনের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির মুখে রয়েছে। তবে এসব এলাকায় ঠিক কত শতাংশ কর বাড়ানো হবে, তা এখনো জানা যায়নি।

কাউন্সিল ট্যাক্স স্থানীয় কর্তৃপক্ষগুলো বর্জ্য সংগ্রহ, সড়ক রক্ষণাবেক্ষণ, পুলিশিং এবং সামাজিক সেবাসহ বিভিন্ন জনসেবা পরিচালনার জন্য সংগ্রহ করে। সাধারণত প্রতি বছরের ১ এপ্রিল থেকে কাউন্সিল ট্যাক্স বাড়ানো হয় এবং স্থানীয় গণভোট ছাড়া অধিকাংশ কাউন্সিলের ক্ষেত্রে বৃদ্ধির সীমা ৫ শতাংশের মধ্যে থাকে।

তবে সরকার এই ছয়টি স্থানীয় কর্তৃপক্ষকে আগামী দুই বছরের জন্য স্বাভাবিক সীমার বাইরে কাউন্সিল ট্যাক্স বাড়ানোর বিশেষ অনুমতি দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অর্থায়ন পদ্ধতিতে পরিবর্তনের কারণে তুলনামূলকভাবে ধনী কিছু এলাকায় পরিচালন ব্যয়ের জন্য বড় ধরনের অর্থঘাটতি তৈরি হয়েছে।

হাউজিং সেক্রেটারি অ্যাঞ্জেলা রেনার সরকারের ‘ফেয়ার ফান্ডিং রিভিউ’-এর আওতায় স্থানীয় কর্তৃপক্ষগুলোর মধ্যে সরকারি অর্থ বণ্টনের পদ্ধতিতে পরিবর্তন এনেছেন। নতুন ব্যবস্থায় বেশি বঞ্চনাপ্রবণ এলাকাগুলোকে বেশি অর্থ দেওয়ার লক্ষ্য থাকায় কেনসিংটন অ্যান্ড চেলসির মতো তুলনামূলকভাবে ধনী কাউন্সিলগুলোতে সরকারি অর্থ কমে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে দেশটির অন্য কোনো কাউন্সিলকে ৫ শতাংশের বেশি কাউন্সিল ট্যাক্স বাড়ানোর অনুমতি দেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

২ দিনে ইংলিশ চ্যানেল পেরিয়ে হাজারেরও বেশি প্রবেশ

যুক্তরাজ্যের প্রতি ৪ জনের ১ জনের আছে ক্রিমিনাল রেকর্ড

শাবির আহমেদকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি, ‘অপরাধী বানিয়েছে ব্রিটেন’—পাকিস্তান