TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ড ও ওয়েলসে বাতিল হচ্ছে লিজহোল্ড ব্যবস্থাঃ ফ্ল্যাটের মালিকানায় আসছে বড় পরিবর্তন

ইংল্যান্ড ও ওয়েলসে ফ্ল্যাটের মালিকানার প্রচলিত লিজহোল্ড ব্যবস্থা বাতিলের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। নতুন আইনে অধিকাংশ নতুন ফ্ল্যাট লিজহোল্ড পদ্ধতিতে বিক্রি নিষিদ্ধ করে এর পরিবর্তে কমনহোল্ড ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান লিজহোল্ড মালিকদের জন্য গ্রাউন্ড রেন্ট বা ভূমি ভাড়া বছরে সর্বোচ্চ ২৫০ পাউন্ড নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশ হতে যাওয়া ‘কমনহোল্ড অ্যান্ড লিজহোল্ড রিফর্ম বিল’-এ এসব সংস্কারের বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। তবে প্রস্তাবগুলো আইনে পরিণত হতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিলটি কার্যকর হওয়ার আগে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

আবাসনমন্ত্রী ম্যাথিউ পেনিকুক বলেছেন, বর্তমান লিজহোল্ড ব্যবস্থা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। একবিংশ শতাব্দীতে এ ধরনের মালিকানা ব্যবস্থা একটি সেকেলে ধারণা বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রস্তাব অনুযায়ী, ২০২৮ সাল থেকে বিদ্যমান লিজহোল্ড মালিকদের গ্রাউন্ড রেন্ট বছরে সর্বোচ্চ ২৫০ পাউন্ডে সীমাবদ্ধ করা হবে। পরবর্তী ৪০ বছর পর তা কমিয়ে ‘পেপারকর্ন’ পর্যায়ে নিয়ে আসা হবে, যার অর্থ কার্যত কোনো ভাড়া দিতে হবে না।

ওল্ডহামের এক শয়নকক্ষের ফ্ল্যাটের মালিক ফোজিয়া মালিক নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, আগামী জানুয়ারি থেকে তার গ্রাউন্ড রেন্ট ১৫০ পাউন্ড থেকে বেড়ে ৩০০ পাউন্ড হবে। এর পাশাপাশি বছরে ৪ হাজার পাউন্ডের বেশি সার্ভিস চার্জ দিতে হচ্ছে তাকে।

তার ফ্ল্যাট ভবনে অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে তিনি ক্ষুব্ধ। ভবনটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের দাবি, তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিভিন্ন ব্যয় এবং অগ্নিনিরাপত্তাজনিত সমস্যার কারণে বিমা খরচ বেড়ে যাওয়ায় সার্ভিস চার্জ বেশি হচ্ছে।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করে ফোজিয়া মালিক বলেছেন, ভবিষ্যতে তিনি আর কখনো লিজহোল্ড পদ্ধতিতে ফ্ল্যাট কিনবেন না। তার ভাষায়, এই ব্যবস্থা যেন একটি ‘অবিরাম নির্যাতনের কক্ষ’।

বর্তমান লিজহোল্ড ব্যবস্থায় ফ্ল্যাটের ক্রেতা নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ব্যবহার ও বসবাসের অধিকার পান। কিন্তু ভবন ও জমির চূড়ান্ত মালিকানা থেকে যায় ফ্রিহোল্ডারের হাতে। অন্যদিকে প্রস্তাবিত কমনহোল্ড ব্যবস্থায় বাসিন্দারা সম্মিলিতভাবে নিজেদের ফ্ল্যাটের মালিকানা ও ভবনের সাধারণ অংশের ব্যবস্থাপনার দায়িত্ব পাবেন।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে এ ধরনের সম্মিলিত মালিকানা ব্যবস্থা প্রচলিত রয়েছে। স্কটল্যান্ডেও লিজহোল্ড পদ্ধতি নেই। ব্রিটিশ সরকারের লক্ষ্য ইংল্যান্ড ও ওয়েলসের আবাসন মালিকানা ব্যবস্থাকে আন্তর্জাতিক প্রচলিত কাঠামোর কাছাকাছি নিয়ে আসা।

তবে সংস্কার পরিকল্পনা নিয়ে উদ্বেগও রয়েছে। বিশেষ করে যারা ইতোমধ্যে লিজহোল্ড পদ্ধতিতে ফ্ল্যাট কিনেছেন, তাদের কীভাবে নতুন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রচারাভিযান সংগঠন ‘এন্ড আওয়ার ক্ল্যাডিং স্ক্যান্ডাল’-এর প্রতিনিধি গাইলস গ্রোভার আশঙ্কা প্রকাশ করেছেন, নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন ফ্ল্যাটের ক্রেতা এবং পুরোনো লিজহোল্ড মালিকদের মধ্যে দুই ধরনের ব্যবস্থা তৈরি হতে পারে। এতে বিদ্যমান মালিকেরা সংস্কারের সুফল থেকে পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবেন।

সরকার অবশ্য জানিয়েছে, পুরোনো লিজহোল্ড ভবনগুলোকে কমনহোল্ড ব্যবস্থায় রূপান্তর করা সহজ করা হবে। পাশাপাশি সার্ভিস চার্জের স্বচ্ছতা বাড়ানো, এস্টেট চার্জের অনিয়ম নিয়ন্ত্রণ এবং ফোরফিচার ব্যবস্থা বাতিলের পরিকল্পনাও রয়েছে। ফোরফিচার ব্যবস্থা বাতিল হলে তুলনামূলক সামান্য ঋণের কারণে কোনো বাসিন্দাকে তার বাড়ির মালিকানা হারাতে হবে না।

আবাসনমন্ত্রী পেনিকুকের দাবি, এসব সংস্কারের মাধ্যমে বিদ্যমান লিজহোল্ড মালিকেরা আরও বেশি অধিকার ও আইনি সুরক্ষা পাবেন এবং বর্তমান ব্যবস্থা থেকে বেরিয়ে আসার কার্যকর সুযোগ তৈরি হবে।

তবে পুরোনো ভবনগুলোকে কমনহোল্ডে রূপান্তরের প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে ফ্রিহোল্ডারদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে যুক্তরাজ্যের বৃহত্তম ফ্রিহোল্ডারদের প্রতিনিধিত্বকারী রেসিডেনশিয়াল ফ্রিহোল্ড অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র দাবি করেছেন, সরকারের পরিকল্পনার কারণে সম্পত্তিতে বিনিয়োগ করা পেনশন তহবিলের প্রায় ১৮ দশমিক ৭ বিলিয়ন পাউন্ডের মূল্য রাতারাতি হারিয়ে যেতে পারে।

বিবিসি জানিয়েছে, গত দুই বছরে বর্তমান লিজহোল্ড ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে এক হাজারের বেশি মানুষ তাদের কাছে অভিযোগ জানিয়েছেন।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

১০ বছরের বসবাসের পথ বাতিল হলে ব্রিটেন ছাড়তে হতে পারে অভিবাসীদেরঃ অনিশ্চয়তায় ভবিষ্যৎ

চলে যায় প্রধানমন্ত্রী থেকে যায় ল্যারি

টয়লেট সংকটে লন্ডনের বাসচালকরাঃ ৫৩টি নতুন শৌচাগার নির্মাণের উদ্যোগ টিএফএলের