18.3 C
London
August 29, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির দাবিতে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ, বললেন—‘তিনি একজন সৎ মানুষ’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খানের মুক্তির দাবিতে সরব হয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। দীর্ঘদিনের কারাবাস ও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ইমরানের পাশে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সাবেক এই পাকিস্তানি তারকা।

পাকিস্তানের সাংবাদিকদের প্ল্যাটফর্ম ‘ন্যারেটিভস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেন, ইমরান খান পাকিস্তানেরই একজন মানুষ। তাকে ঘিরে চলমান সমস্যার সমাধানে সবাইকে একসঙ্গে বসা উচিত। তিনি বলেন, পরিস্থিতিকে অযথা দীর্ঘায়িত না করে এখনই এর সমাধান করা প্রয়োজন।

মিয়াঁদাদ বলেন, খেলোয়াড়ি জীবনে ইমরানের সঙ্গে তার কোনো শত্রুতা বা বড় ধরনের ঝগড়া ছিল না। বরং ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় তারা প্রায় ছয় মাস একসঙ্গে ছিলেন। পরে পাকিস্তান জাতীয় দলে ইমরানকে অধিনায়কত্বও দিয়েছেন তিনি। তাদের সম্পর্ক ভালো ছিল এবং একসঙ্গে পাকিস্তান ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ সময় পার করেছেন বলে জানান মিয়াঁদাদ।

৬৯ বছর বয়সী মিয়াঁদাদ ইমরানের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে বলেন, তিনিও কারও সন্তান এবং তাকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা ভেবে তার কষ্ট হয়। সাবেক এই ক্রিকেটারের ভাষায়, তারা একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলেছেন, সময় কাটিয়েছেন এবং পাকিস্তানকে এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে লড়াই করেছেন।

অবসর-পরবর্তী সময়ে ইমরান খানের রাজনৈতিক নেতৃত্ব এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালনা নিয়ে মিয়াঁদাদ অতীতে কঠোর সমালোচনা করেছেন। তবে এবার তিনি বলেন, মতপার্থক্য থাকলেও পাকিস্তানের জন্য ইমরানের অবদান ভুলে যাওয়া উচিত নয়। তার মতে, ইমরান একজন জাতীয় বীর এবং তিনি তাকে খুব ভালোভাবে চেনেন।

মিয়াঁদাদ বলেন, ‘যা ভুল, তা ভুলই।’ তবে একই সঙ্গে তিনি ইমরানকে একজন সৎ মানুষ হিসেবে বর্ণনা করেন এবং পাকিস্তান সরকারের কাছে বর্তমান সমস্যার সমাধানের আবেদন জানান। তার মতে, ইমরান দেশের প্রতি দেশপ্রেমের দিক থেকে কারও চেয়ে কম নন।

ইমরানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন মিয়াঁদাদ। তিনি বলেন, তার প্রার্থনা হলো—শেষ পর্যন্ত যেন সঠিক বিষয়টিই প্রতিষ্ঠিত হয়। ইমরানকে নিয়ে কথা বলার সময় তার চোখে পানি এনে দেওয়ার জন্যও তিনি আবেগ প্রকাশ করেন এবং জানান, তিনি হৃদয় থেকেই কথাগুলো বলছেন।

মিয়াঁদাদ আরও বলেন, ইমরানের জন্য তিনি কিছু করতে পারলে অবশ্যই করবেন। ক্রিকেটার হিসেবে তারা সবাই পাকিস্তানের পতাকার জন্য লড়াই করেছেন উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক মতপার্থক্যের অবসান হওয়া উচিত। তার আহ্বান, ‘এখন এটাকে শেষ করুন।’

ইমরান খানের চিকিৎসা ও কারাগারে ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনায় এসেছে। গত ২৪ আগস্ট ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়ে ইমরানের চিকিৎসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও ওই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

ইমরান খানের মুক্তির দাবিতে মিয়াঁদাদের এমন প্রকাশ্য ও আবেগঘন অবস্থান পাকিস্তানের ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। অতীতে ইমরানের সমালোচনা করলেও এবার সাবেক সতীর্থের পাশে দাঁড়িয়ে মিয়াঁদাদ স্পষ্ট করেছেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে তিনি ইমরানের বর্তমান পরিস্থিতির অবসান চান।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস\ন্যারেটিভস

এম.কে

আরো পড়ুন

ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

ইরানে বিরল খনিজের সন্ধানে চীনঃ বাড়ছে কৌশলগত বৈজ্ঞানিক সহযোগিতা

নির্বাসনের অপেক্ষায় থাকা অভিবাসীদের পায়ে চিপ পরাবে গ্রিস