ব্রিটেনের জনপ্রিয় কম দামের সুপারমার্কেট চেইন আলদি লন্ডন ও বৃহত্তর লন্ডনে আরও চারটি নতুন শাখা খোলার ঘোষণা দিয়েছে। নতুন শাখাগুলো হবে অরপিংটন, স্টেপনি গ্রিন, হ্যানওর্থ ও উইলসডেনে।
আলদির এই সম্প্রসারণ পরিকল্পনা প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ইতিবাচক বার্ষিক আর্থিক ফলাফলের পর ঘোষণা করা হয়েছে। বর্তমানে ব্রিটেনে আলদির ১ হাজার ৯২টি দোকান রয়েছে। নতুন শাখাগুলোর মাধ্যমে লন্ডনের আরও বেশি এলাকার মানুষের কাছে তুলনামূলক কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
আলদি এর আগে জানিয়েছিল, দেশজুড়ে তাদের দোকানের সংখ্যা ১ হাজার ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। লন্ডনের নতুন চারটি শাখা সেই বৃহত্তর সম্প্রসারণ কর্মসূচিরই অংশ।
আলদি ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা গাইলস হার্লি বলেন, প্রতিটি পরিবারের জন্য ভালো মানের খাবার আরও সাশ্রয়ী করার বিষয়ে তারা কাজ করছেন। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পাশাপাশি স্থানীয় উৎপাদন বাড়াতে সরবরাহকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিও করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণ ও দৈনন্দিন পণ্যে কম দাম এবং মান নিশ্চিত করার ওপর আলদির গুরুত্বের কারণে আরও বেশি ক্রেতা প্রতিষ্ঠানটির কাছ থেকে বেশি পণ্য কিনছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আলদির সর্বশেষ বার্ষিক হিসাবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া ১২ মাসে প্রতিষ্ঠানটির মোট ব্যবসার পরিমাণ ৫ শতাংশ বেড়ে রেকর্ড ১৯ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে।
সূত্রঃ মাই লন্ডন
এমকে

