TV3 BANGLA
ফিচার

ক্যানসারের টিউমার প্রায় নির্মূল করছে নতুন বড়িঃ অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় আশার আলো

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে একটি পরীক্ষামূলক ওষুধ। প্রতিদিন খাওয়ার এই বড়ি কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে কয়েকজন রোগীর শরীর থেকে টিউমার সম্পূর্ণ অদৃশ্য হওয়ার মতো ফল পাওয়া গেছে। চিকিৎসাবিজ্ঞানের বিশেষজ্ঞরা একে কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ড্যারাক্সোনরাসিব’ নামের এই ওষুধ কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। যেসব রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে, তাদের ক্যানসার ইতোমধ্যে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল।

পরীক্ষায় অংশ নেওয়া ৬১ জন রোগীর মধ্যে প্রায় ৯০ শতাংশের ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে। ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। আর প্রায় ৮ শতাংশ রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের কোনো অস্তিত্বই শনাক্ত করা যায়নি। অর্থাৎ প্রতি ১২ জনে একজনের টিউমার স্ক্যানে অদৃশ্য হয়েছে।

ক্যানসার রিসার্চ ইউকে এই ফলাফলকে কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় সবচেয়ে বড় অগ্রগতি বলে উল্লেখ করেছে। সংস্থাটির চিকিৎসা বিশেষজ্ঞ ড. স্যাম গডফ্রে বলেন, নতুন ওষুধটি এমন একটি প্রোটিনকে লক্ষ্য করে কাজ করতে পারছে, যেটিকে এতদিন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব বলে মনে করা হতো।

তিনি বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য অগ্রগতির অপেক্ষা ছিল। নতুন এই ওষুধের প্রাথমিক সাফল্য অত্যন্ত আশাব্যঞ্জক।

অগ্ন্যাশয়ের ক্যানসারকে সবচেয়ে প্রাণঘাতী ক্যানসারগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে রোগটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে চিকিৎসা কঠিন হয়ে যায়। প্রচলিত কেমোথেরাপিতে অনেক সময় টিউমার কিছুটা ছোট হলেও পরবর্তী সময়ে আবার বাড়তে শুরু করে। ফলে অনেক রোগী কয়েক মাসের বেশি বাঁচতে পারেন না।

নতুন ওষুধটির মাধ্যমে রোগীদের বেঁচে থাকার সময় বাড়ানো সম্ভব হতে পারে বলে আশা করছেন চিকিৎসকরা। তবে এই চিকিৎসা ক্যানসার সম্পূর্ণ নিরাময় করতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক ড. উংকি পার্ক বলেন, নতুন চিকিৎসায় শুধু টিউমার নিয়ন্ত্রণের হারই বাড়েনি, বরং টিউমার সংকুচিত হওয়ার মাত্রাও আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। রোগ নিয়ন্ত্রণে রাখার সময়ও প্রায় দ্বিগুণ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ভবিষ্যতে এটি রোগীদের আয়ু বাড়াতে সহায়তা করতে পারে।

ড্যারাক্সোনরাসিব একটি লক্ষ্যভিত্তিক ক্যানসার চিকিৎসার ওষুধ। এটি ক্যানসার কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখা ‘রাস’ (RAS) নামের জিনগত পরিবর্তনকে লক্ষ্য করে কাজ করে। অগ্ন্যাশয়ের অধিকাংশ ক্যানসারে এ ধরনের জিনগত পরিবর্তন পাওয়া যায়।

ওষুধটি এসব পরিবর্তনের কার্যক্রম বন্ধ করে টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করে। ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যানসারসহ আরও কয়েক ধরনের ক্যানসারেও একই ধরনের জিনগত পরিবর্তন দেখা যায়। ফলে ভবিষ্যতে এসব ক্যানসারের চিকিৎসাতেও ওষুধটি কার্যকর হতে পারে বলে আশা করছেন গবেষকরা।

পরীক্ষায় রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। এই সময়ের মধ্যে কয়েকজন রোগীর ক্যানসার ফিরে আসেনি। তবে দীর্ঘমেয়াদে ক্যানসার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে কি না, কিংবা রোগীদের সম্পূর্ণ নিরাময় ঘটবে কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, স্ক্যানে ক্যানসার শনাক্ত না হওয়া মানেই শরীর থেকে ক্যানসার পুরোপুরি নির্মূল হয়ে গেছে, এমন নয়। দীর্ঘ সময় পর্যবেক্ষণ ছাড়া এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

ইউরোপীয় ক্যানসার সম্মেলন ২০২৬-এ গবেষণার ফলাফলটি অন্যান্য বিশেষজ্ঞদের সামনে উপস্থাপন করা হচ্ছে। গবেষকদের আশা, পরবর্তী পর্যায়ের পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেলে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১১ হাজার ৫০০ মানুষের অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হয়। এ রোগে বছরে প্রায় ১০ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রেও প্রতিবছর প্রায় ৫৩ হাজার মানুষ এই ক্যানসারে মারা যান।

অগ্ন্যাশয়ের ক্যানসারের সম্ভাব্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে জন্ডিস, ত্বকে চুলকানি, প্রস্রাবের রং গাঢ় হওয়া, মলের রং ফ্যাকাশে হওয়া, অকারণে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া।

সূত্রঃ বিবিসি নিউজ

এমকে

আরো পড়ুন

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডারও পেছনে বাংলাদেশ!

অনলাইন ডেস্ক

মারা গেছেন ‘স্টার ট্রেক’ তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্টঃ বয়স হয়েছিল ৮৬ বছর

প্রতিদিন রসুন খাওয়ার চমকপ্রদ স্বাস্থ্যগুণ যা আপনি জানেন না

নিউজ ডেস্ক