কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই দক্ষ বিদেশি কর্মীদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় নির্ধারিত শর্ত পূরণ করলে মূল কর্মীর নিয়োগ ভিসার প্রক্রিয়া চলার সময়ই তার পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসা দেওয়া যাবে।
মঙ্গলবার এক ঘোষণায় নতুন এই ব্যবস্থার কথা জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই সুবিধা চালু করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবারসহ বসবাসের প্রক্রিয়া সহজ করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে নিয়ে যেতে পারবেন। তবে এর জন্য সংশ্লিষ্ট সব শর্ত পূরণ করতে হবে।
বিশেষ করে মূল কর্মীর নিয়োগ ভিসার প্রক্রিয়া চলমান থাকলেও পরিবারের যোগ্য সদস্যদের জন্য প্রবেশ ভিসা ইস্যু করা সম্ভব হবে। অর্থাৎ, কর্মীর কাজের ভিসা সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা না করেই নির্ধারিত নিয়ম মেনে তার পরিবারের সদস্যরা সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন।
সৌদি আরবে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী রেসিডেন্স পারমিট বা ইকামা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নতুন এই সিদ্ধান্তের ফলে সৌদিতে কর্মসংস্থানের জন্য যাওয়া দক্ষ বিদেশি কর্মীদের পরিবারের সঙ্গে থাকার সুযোগ আরও সহজ হতে পারে। বিশেষ করে যারা নতুন করে সৌদি আরবে চাকরির জন্য যাচ্ছেন, তাদের ক্ষেত্রে পরিবারকে সঙ্গে নেওয়ার প্রক্রিয়ায় সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা পাওয়ার ক্ষেত্রে সৌদি সরকারের নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করা বাধ্যতামূলক। নতুন সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সব বিদেশি কর্মী ও তাদের পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
সৌদি আরব সাম্প্রতিক সময়ে দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ এবং প্রবাসীদের বসবাসের পরিবেশ উন্নত করতে বিভিন্ন নীতিগত উদ্যোগ নিচ্ছে। নতুন এই পরিবার-ভিসা ব্যবস্থা সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্রঃ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ, সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ।
এমকে

