TV3 BANGLA
স্পোর্টস

না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট বোর্ড এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।

১৯৫৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর টানা দুই দশক, ১৯৭৪ সাল পর্যন্ত দেশটির প্রতিনিধিত্ব করেন সোবার্স। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই অসাধারণ দক্ষতার কারণে তাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়।

মাত্র ২১ বছর বয়সে, ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে সাবিনা পার্কে অপরাজিত ৩৬৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলে তিনি সে সময়ের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট স্কোরের বিশ্বরেকর্ড গড়েন। উল্লেখযোগ্য বিষয় হলো, সেই ইনিংসে তিনি একটি ছক্কাও মারেননি। পরবর্তীতে ব্রায়ান লারা সেই রেকর্ড ভাঙেন।

১৯৬৮ সালে ইংল্যান্ডের সোয়ানসির সেন্ট হেলেন্স মাঠে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়ে খেলতে নেমে গ্ল্যামরগানের বোলার ম্যালকম ন্যাশের এক ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেন। প্রথম ব্যাটার হিসেবে এক ওভারে ছয় ছক্কার এই কীর্তি আজও ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা।

টেস্ট ক্রিকেটে সোবার্সের ব্যাটিং গড় ছিল ৫৭.৭৮। তিনি ২৬টি সেঞ্চুরি করেন এবং বল হাতে নেন ২৩৫টি উইকেট। ব্যাট ও বল—উভয় ক্ষেত্রেই তার অসাধারণ পারফরম্যান্স তাকে ক্রিকেটের সর্বকালের সেরাদের কাতারে স্থান দিয়েছে।

ক্রিকেটে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে তাকে নাইটহুড প্রদান করা হয়। পরে ১৯৯৮ সালে বার্বাডোজ সরকার তাকে দেশের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে, যা দেশটির সর্বোচ্চ সম্মানগুলোর একটি।

স্যার গারফিল্ড সোবার্সের মৃত্যুতে বিশ্ব ক্রিকেট হারালো এমন এক কিংবদন্তিকে, যার কীর্তি প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটপ্রেমীদের অনুপ্রাণিত করবে। মাঠে তার অসাধারণ নৈপুণ্য, রেকর্ড এবং খেলাটির প্রতি অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

বিপিএলে দুই বছরে ৩০ টির বেশি দুর্নীতি হয়েছে- দ্য টেলিগ্রাফের দাবি

বাংলাদেশকে বিশেষ তিন সুবিধা দেয়ার শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীকে বয়কট করলেন মুসলিম জুডো খেলোয়াড়রা