যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ সম্রাট চার্লস তৃতীয়-এর কাছে ঐতিহাসিক কোহিনূর হীরা ভারতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি।
নিউইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, সম্রাট চার্লসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ পেলে তিনি সরাসরি কোহিনূর হীরাটি ভারতে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করবেন। ১০৫ ক্যারেটের এই বিখ্যাত হীরাটি দীর্ঘদিন ধরে ব্রিটিশ রাজমুকুটের অংশ হিসেবে সংরক্ষিত রয়েছে এবং এর মালিকানা নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলছে।
সম্রাটের নাইন-ইলেভেন স্মৃতিসৌধ ও জাদুঘর সফরের আগে এই মন্তব্য করেন মামদানি। তিনি কোহিনূরকে ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ইতিহাসের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এমন গুরুত্বপূর্ণ সম্পদগুলো তাদের মূল দেশে ফিরিয়ে দেওয়া জরুরি।
এদিকে, বুধবার রাজপরিবারের সদস্যরা তাদের সংক্ষিপ্ত সফরের প্রধান অংশ হিসেবে ৯/১১ হামলার ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সম্রাট চার্লস ও রানি কামিলা আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করলেও, স্বাগতিক হিসেবে মেয়র মামদানির আচরণ নিয়ে কিছু গণমাধ্যমে সমালোচনা উঠে এসেছে। প্রতিবেদনে তার আচরণকে “অস্বাভাবিক” উল্লেখ করে প্রশ্ন তোলা হয়েছে।
কোহিনূর হীরার মালিকানা নিয়ে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে, ঔপনিবেশিক আমলে এটি অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এটি ফেরত দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ঔপনিবেশিক যুগে নেওয়া ঐতিহাসিক সম্পদ ও শিল্পকর্ম ফেরত দেওয়ার দাবিগুলো আন্তর্জাতিকভাবে আরও জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে মামদানির বক্তব্য নতুন করে বিতর্ককে উসকে দিতে পারে এবং ব্রিটিশ রাজপরিবারের ওপর নৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াতে পারে।
সূত্রঃ এনডিটিভি
এম.কে

