TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পাঁচ দিনের জন্য বন্ধ হতে পারে ইন্টারনেটঃ বিটি ও ইইর গ্রাহকদের জরুরি সতর্কবার্তা

যুক্তরাজ্যে পুরোনো তামার তারের টেলিফোন নেটওয়ার্ক থেকে ডিজিটাল ব্যবস্থায় স্থানান্তরের অংশ হিসেবে গ্রাহকদের ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটি (BT) ও ইই (EE)। নির্ধারিত সময়ের মধ্যে আপগ্রেডের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক না করলে কিছু গ্রাহকের ব্রডব্যান্ড সংযোগ পাঁচ দিনের জন্য বিচ্ছিন্ন করা হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বার্মিংহাম লাইভ এক প্রতিবেদনে জানিয়েছে, বিটি ও ইইর কিছু গ্রাহককে চিঠি পাঠিয়ে সতর্ক করা হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, ডিজিটাল ব্যবস্থায় সেবা স্থানান্তরের বিষয়ে ইমেইল, চিঠি ও ফোনের মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। এরপরও সাড়া না দিলে আগামী ১০ দিনের মধ্যে তাদের ব্রডব্যান্ড সেবা সাময়িকভাবে বন্ধ করা হতে পারে।

চিঠিতে গ্রাহকদের জানানো হয়েছে, ইন্টারনেট সংযোগ পাঁচ দিনের জন্য বন্ধ থাকলেও প্রচলিত ফোনসেবা চালু থাকবে। প্রতিষ্ঠান দুটি মূলত পুরোনো কপার বা তামার তারের নেটওয়ার্ক থেকে গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যবস্থায় নিতে এই পদক্ষেপ নিচ্ছে।

যুক্তরাজ্যের পুরোনো টেলিফোন নেটওয়ার্কটি পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) নামে পরিচিত। আগামী ৩১ জানুয়ারি ২০২৭ সালের মধ্যে এই নেটওয়ার্ক বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এর পরিবর্তে ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে পরিচালিত ডিজিটাল ভয়েস সেবা চালু করা হচ্ছে। নতুন ব্যবস্থায় অধিকাংশ গ্রাহক তাদের আগের ফোন নম্বরও ধরে রাখতে পারবেন।

বিটি জানিয়েছে, তাদের আবাসিক গ্রাহকদের ৯৫ শতাংশের বেশি ইতোমধ্যে ডিজিটাল ব্যবস্থায় স্থানান্তরিত হয়েছেন। যারা বারবার যোগাযোগের পরও সাড়া দেননি, তাদের ক্ষেত্রে শেষ উপায় হিসেবে সাময়িকভাবে ব্রডব্যান্ড সেবা বন্ধ করা হবে, যাতে তারা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরিবর্তন সম্পন্ন করেন।

বিটি আরও বলেছে, ডিজিটাল ব্যবস্থায় স্থানান্তর নিয়ে কোনো উদ্বেগ থাকলে গ্রাহকদের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা উচিত। বিশেষ করে যারা টেলিকেয়ার ডিভাইস, ব্যক্তিগত নিরাপত্তা অ্যালার্ম বা স্বাস্থ্য পর্যবেক্ষণসংক্রান্ত পেনডেন্ট ব্যবহার করেন, তাদের দ্রুত যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, যুক্তরাজ্যে ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ফুল ফাইবার ব্রডব্যান্ড সুবিধা পৌঁছেছে। পুরোনো টেলিফোন নেটওয়ার্ক বন্ধের আগে গ্রাহকদের নতুন ডিজিটাল ব্যবস্থায় স্থানান্তর সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে।

সূত্রঃ বার্মিংহাম লাইভ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে রমজানের সময়সূচি নির্ধারণে একসঙ্গে আলেম-উলামা ও চ্যানেল এস

নিউজ ডেস্ক

ফরাসি বর্ডার ফোর্সের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগঃ ছোট নৌকায় অভিবাসীদের যুক্তরাজ্যমুখী যাত্রা

যুক্তরাজ্যে ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন