বিদেশি দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। সরকার একটি সরকারি চাকরির ওয়েবসাইট চালু করেছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের চাকরিপ্রার্থীরা সরাসরি চাকরি খুঁজে আবেদন করতে পারবেন। একই সঙ্গে তারা জানতে পারবেন, নির্দিষ্ট চাকরির জন্য যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করতে ভিসার প্রয়োজন হবে কি না।
নতুন এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের পেশা বা চাকরির ধরন লিখে অনুসন্ধান করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট শূন্যপদের তালিকা দেখা যাবে এবং উপযুক্ত পদে সরাসরি আবেদন করা যাবে। সরকারের মতে, আন্তর্জাতিক চাকরিপ্রার্থীদের জন্য পুরো প্রক্রিয়াটি সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্যভাবে তৈরি করা হয়েছে, যাতে তারা মধ্যস্থতাকারী বা অনির্ভরযোগ্য উৎসের ওপর নির্ভর না করে সরকারি প্ল্যাটফর্ম থেকেই চাকরির সুযোগ খুঁজে নিতে পারেন।
শুধু চাকরির বিজ্ঞাপন নয়, ওয়েবসাইটটিতে ভিসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাও রয়েছে। আবেদনকারীরা সহজেই যাচাই করতে পারবেন, নির্বাচিত চাকরির ক্ষেত্রে তাদের কর্মভিসার প্রয়োজন হবে কি না এবং বৈধভাবে যুক্তরাজ্যে কাজ করার জন্য কী ধরনের শর্ত পূরণ করতে হবে। এতে বিদেশে চাকরির পরিকল্পনা নেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য এক জায়গায় পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি আকর্ষণের ক্ষেত্রে এটি যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের চাকরিপ্রার্থীরা সরকারি উৎস থেকে সরাসরি চাকরির তথ্য ও আবেদন সুবিধা পাওয়ায় প্রতারণার ঝুঁকি কমবে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে।
উল্লেখ্য, সম্প্রতি জার্মানিও বিদেশি কর্মীদের জন্য একই ধরনের একটি সরকারি চাকরির ওয়েবসাইট চালু করেছে। সেই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের এই উদ্যোগ আন্তর্জাতিক কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। তবে চাকরির জন্য আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, ভিসার শর্ত এবং নিয়োগকারীর প্রয়োজনীয়তা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। লিংক নীচে যুক্ত করা হল;
সূত্রঃ লিজিট.এনজি
এম.কে

