TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ছয় ধরনের বেনিফিট প্রদানে বছরে ১৩৩.১ বিলিয়ন পাউন্ড ব্যয়ঃ বাড়ছে বিতর্ক

ব্রিটেনে কল্যাণভাতা খাতে বিপুল সরকারি ব্যয়ের চিত্র প্রকাশ করেছে করদাতাদের স্বার্থ নিয়ে কাজ করা সংস্থা ট্যাক্সপেয়ার্স অ্যালায়েন্স। সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১২ মাসে ইংল্যান্ড ও ওয়েলসে ছয় ধরনের প্রধান কল্যাণভাতায় মোট ১৩৩.১ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। এর মধ্যে লন্ডনের টটেনহ্যাম সংসদীয় আসনে সর্বোচ্চ ৬২৪.৯ মিলিয়ন পাউন্ড ব্যয় রেকর্ড করা হয়েছে।

ব্যয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রেন্ট ইস্ট, যেখানে ছয় ধরনের ভাতায় ব্যয় হয়েছে ৬০৫.৯ মিলিয়ন পাউন্ড। তৃতীয় অবস্থানে থাকা বার্মিংহাম লেডিউড আসনে ব্যয়ের পরিমাণ ৫৯০.৭ মিলিয়ন পাউন্ড। তালিকার শীর্ষ ১০ এলাকার মধ্যে রয়েছে হ্যাকনি নর্থ অ্যান্ড স্টোক নিউইংটন, এনফিল্ড নর্থ এবং কুইন্স পার্ক অ্যান্ড মাইদা ভেইল।

প্রকাশিত পরিসংখ্যানে ছয় ধরনের ভাতার ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো ইউনিভার্সাল ক্রেডিট, ব্যক্তিগত স্বাধীনতা ভাতা, আবাসন ভাতা, প্রতিবন্ধী জীবনযাপন ভাতা, পরিচর্যাকারী ভাতা এবং কর্মসংস্থান ও সহায়তা ভাতা।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১২ মাসে এসব খাতে ব্যয় ছিল ১০৭ বিলিয়ন পাউন্ড। পরবর্তী সময়ে তা বেড়ে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১২ মাসে ১৩৩.১ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে ব্যয় বেড়েছে ২৬.১ বিলিয়ন পাউন্ড।

ট্যাক্সপেয়ার্স অ্যালায়েন্সের দাবি, মোট ১৩৩.১ বিলিয়ন পাউন্ডের মধ্যে ৯৮.১ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে লেবার পার্টি-নিয়ন্ত্রিত সংসদীয় আসনগুলোতে। সংস্থাটির প্রধান নির্বাহী জন ও’কনেল বলেছেন, কল্যাণভাতায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ পরিস্থিতিতে কারা ভাতা পাওয়ার যোগ্য এবং কত অর্থ ভাতা হিসেবে দেওয়া হবে, সে বিষয়ে আরও কঠোর বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন তিনি।

ব্রিটেনের বিরোধী কনজারভেটিভ পার্টির কর্মসংস্থান ও পেনশনবিষয়ক ছায়ামন্ত্রী হেলেন হোয়েটলিও এ পরিসংখ্যানের প্রতিক্রিয়ায় লেবার সরকারের সমালোচনা করেছেন। তার দাবি, কল্যাণভাতায় ব্যয়ের ওপর সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে।

তবে এসব পরিসংখ্যান প্রকাশকারী ট্যাক্সপেয়ার্স অ্যালায়েন্স একটি প্রচারভিত্তিক সংস্থা, যারা কর কমানো এবং সরকারি ব্যয় হ্রাসের পক্ষে কাজ করে। সংস্থাটি কল্যাণভাতার সর্বোচ্চ সীমা আরও কঠোর করা, আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের নিয়ম জোরদার এবং আর্থিক সামর্থ্যের ভিত্তিতে ভাতা দেওয়ার ব্যবস্থা সম্প্রসারণের দাবি জানিয়েছে।

সূত্রঃ ট্যাক্সপেয়ার্স অ্যালায়েন্সের পরিসংখ্যান \ ডেইলি এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে নাইজেল ফারাজের জনপ্রিয়তায় বড় ধসঃ ৬৯ শতাংশের অপছন্দ

রাশিয়ার হুমকির মুখে ব্রিটিশ পরমাণু প্রতিরোধে অর্থ দিতে পারে জার্মানি

ব্রিটিশ পাসপোর্ট আবেদনকারীদের জন্য সতর্কতা