TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ডাউনিং স্ট্রিটে টিকটকারের অশ্লীল ভিডিও নিয়ে সংসদে বিতর্ক

ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ও কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনকের মধ্যে টিকটকার ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগ নিয়ে সংসদে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। টিকটকারদের সঙ্গে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করায় ব্যাডেনকের বিরুদ্ধে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন বার্নহ্যাম।

বুধবার (২৫ নভেম্বর) পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে (পিএমকিউ) বিষয়টি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।

বিতর্কের কেন্দ্রে রয়েছেন টিকটক তারকা ম্যাক্স বেলেজ। গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমের তারকাদের সম্মানে ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে নারীদের সম্পর্কে অশ্লীল ও আপত্তিকর গানের কথা ঠোঁট মিলিয়ে পরিবেশন করতে দেখা যায়। ভিডিওটি পরে সরিয়ে নেওয়া হয় এবং ম্যাক্স বেলেজ এ ঘটনার জন্য ক্ষমাও চান।

এ বিষয়টি সংসদে তুলে ধরে কেমি ব্যাডেনক বলেন, প্রধানমন্ত্রীর আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া একজন সামাজিক যোগাযোগমাধ্যম তারকা ডাউনিং স্ট্রিটের সিঁড়িতে দাঁড়িয়ে অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। নারীদের ব্যক্তিগত অঙ্গ নিয়ে অশ্লীল মন্তব্যের পাশাপাশি শ্বেতাঙ্গ নারীদের ‘সস্তা মাংস’ বলে উল্লেখ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ব্যাডেনক এই ঘটনাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন হওয়া এবং সেখানে এমন ভিডিও ধারণের সুযোগ দেওয়ার জন্য বার্নহ্যাম ক্ষমা চাইবেন কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভিডিওটি অনুপযুক্ত ছিল এবং সেটি সরিয়ে নেওয়া হয়েছে। ভিডিও নির্মাতা যথাযথভাবে ক্ষমাও চেয়েছেন। এ বিষয়ে ব্যাডেনকের সমালোচনাকে সঠিক বলেও স্বীকার করেন তিনি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কাজ করার জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান বার্নহ্যাম। তার যুক্তি, তরুণ প্রজন্ম তথ্য জানার জন্য যেসব ব্যক্তির ওপর নির্ভর করে, তাদের সঙ্গে যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ব্যাডেনক টিকটকার ও ইনফ্লুয়েন্সারদের তুচ্ছতাচ্ছিল্য করেন। কিন্তু তরুণরা এসব ব্যক্তির কাছ থেকেই বিভিন্ন বিষয়ে তথ্য নিচ্ছে। তাই তাদের সঙ্গে কাজ করার জন্য তিনি ক্ষমা চাইবেন না।

পাল্টা আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা সব সময় দেশের সামনে নেতিবাচক বিষয় তুলে ধরছেন। তার মতে, ব্যাডেনক রিফর্ম ইউকে ও রিস্টোর পার্টির রাজনৈতিক অবস্থানের দিকে তাকিয়ে আছেন এবং সংসদে সস্তা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন।

বার্নহ্যাম বলেন, ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, অর্থনীতিকে শক্তিশালী করা, তরুণদের সহায়তা এবং বয়স্কদের জন্য জাতীয় পরিচর্যা সেবা চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকার কাজ করছে। বিরোধীদের নেতিবাচক সমালোচনায় তিনি এসব কাজ থেকে মনোযোগ সরাবেন না বলেও জানান।

একই অধিবেশনে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন চুক্তি নিয়েও কনজারভেটিভ পার্টির সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাগজপত্রের জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ একটি চুক্তির বিরোধিতা করে কনজারভেটিভরা নিজেদের অবস্থান পরিষ্কার করতে ব্যর্থ হচ্ছে।

গত সপ্তাহে ব্রিটেন ও ইইউর মধ্যে খাদ্য ও কৃষিপণ্যবিষয়ক একটি চুক্তি হয়েছে। স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি বা এসপিএস চুক্তি নামে পরিচিত এই সমঝোতা ২০২৮ সালের ১ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা। এর ফলে ব্রেক্সিট-পরবর্তী খাদ্য ও কৃষিপণ্য আমদানিতে অধিকাংশ পরীক্ষা ও বিধিনিষেধ উঠে যাবে।

বার্নহ্যামের দাবি, নতুন চুক্তির ফলে ব্যবসায়িক ব্যয় কমবে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের সাপ্তাহিক বাজারের খরচও কমতে পারে।

তিনি জানান, খাদ্য, কার্বন নিঃসরণ এবং তরুণদের জন্য বৃহত্তর অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি নিয়ে চুক্তিগুলো বাস্তবায়নের সময়সীমা নির্ধারণে বৃহস্পতিবার পার্লামেন্টে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

ট্রাম্পের পুনর্নির্বাচনের পর আমেরিকানদের যুক্তরাজ্যের নাগরিকত্ব আবেদনের হিড়িক

যুক্তরাজ্যের সহায়তা কমলে ভয়াবহ পরিণতি হবে: ইউনিসেফের হুঁশিয়ারি

বিদেশ ভ্রমণের জন্য যে দেশগুলো সবুজ তালিকায় রয়েছে