TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে পারিবারিক নির্যাতনকারীকে বাড়ি থেকে উচ্ছেদের ক্ষমতা পাচ্ছে ব্রিটিশ আদালত

ব্রিটেনে পারিবারিক নির্যাতন দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন আইনের আওতায় পারিবারিক নির্যাতনকারীদের বাড়ির চাবি, মোবাইল ফোন, ল্যাপটপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ড জমা দিতে বাধ্য করতে পারবে আদালত। একই সঙ্গে নির্যাতনকারীকে যৌথ বাসা থেকে বের করে দেওয়ার ক্ষমতাও পাবে আদালত।

ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়, ইংল্যান্ড ও ওয়েলসে বুধবার থেকে নতুন এই বিধান কার্যকর করার কথা রয়েছে। এর মাধ্যমে পারিবারিক নির্যাতনের শিকার ব্যক্তি ও বেঁচে ফেরা ব্যক্তিদের সুরক্ষায় পুলিশ ও আদালতের ক্ষমতা বাড়ানো হচ্ছে।

নতুন ব্যবস্থায় নির্যাতনের শিকার ব্যক্তিরা আদালতের কাছে কঠোর সুরক্ষামূলক আদেশের আবেদন করতে পারবেন। আদালত নির্যাতনকারীকে ভুক্তভোগীর সঙ্গে বসবাস করা যৌথ বাড়ি ছেড়ে যেতে নির্দেশ দিতে পারবে। পাশাপাশি নির্যাতনকারীর আচরণ পরিবর্তনে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কাউকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা নির্যাতন করা হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ বন্ধ করার নির্দেশও দিতে পারবে আদালত। প্রয়োজনে অ্যাকাউন্টের পাসওয়ার্ডসহ সংশ্লিষ্ট ডিভাইস জমা দেওয়ার নির্দেশ দেওয়া যাবে।

নতুন বিধিনিষেধ অমান্য করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। এ ছাড়া নির্যাতনকারীকে নাম অথবা ঠিকানা পরিবর্তন করলে পুলিশকে তা জানাতে আইনগতভাবে বাধ্য করা হবে।

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, পারিবারিক নির্যাতন এমন একটি ভয়াবহ অপরাধ, যা ভুক্তভোগীদের নিজেদের ঘরেও আতঙ্কের মধ্যে রাখে এবং প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়।

তিনি বলেন, নির্যাতনের শিকার ব্যক্তি ও বেঁচে ফেরা মানুষদের জন্য এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা চালু করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীরা যাতে প্রয়োজনীয় সহায়তা পান, সেটিও নিশ্চিত করা হবে।

নতুন ব্যবস্থার অংশ হিসেবে ডোমেস্টিক অ্যাবিউজ প্রোটেকশন নোটিস (ডিএপিএন) এবং ডোমেস্টিক অ্যাবিউজ প্রোটেকশন অর্ডার (ডিএপিও) চালু করা হচ্ছে। এর মাধ্যমে নির্যাতনের ঘটনা গুরুতর পর্যায়ে পৌঁছানোর আগেই পুলিশ ও আদালত হস্তক্ষেপ করতে পারবে।

এর আগে গ্রেটার ম্যানচেস্টার, লন্ডনের কয়েকটি এলাকা, ক্লিভল্যান্ড, নর্থ ওয়েলস এবং ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের আওতাধীন এলাকায় পরীক্ষামূলকভাবে এসব ব্যবস্থা চালু করা হয়েছিল। হোম অফিসের তথ্য অনুযায়ী, ওই পরীক্ষামূলক কার্যক্রমে তিন হাজারের বেশি মানুষ সুরক্ষা পেয়েছেন।

নতুন বিধান অনুযায়ী, ভুক্তভোগীরা সরাসরি ফ্যামিলি কোর্টে ডিএপিওর আবেদন করতে পারবেন। এ ছাড়া পরিবারের সদস্য, স্থানীয় কাউন্সিল এবং পুলিশও ভুক্তভোগীর পক্ষে আবেদন করতে পারবে।

ব্রিটেনের লর্ড চ্যান্সেলর অ্যালেক্স নরিস বলেন, পারিবারিক নির্যাতনের ভয়াবহতা ভুক্তভোগীদের জীবনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে। কাউকে নীরবে এই নির্যাতন সহ্য করতে হওয়া উচিত নয়। পরীক্ষামূলক কার্যক্রমের সফলতার পর এবার ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।

লন্ডনের ভিকটিমস কমিশনার আন্দ্রেয়া সাইমন বলেন, আদালতে সাজা ঘোষণার সময় পারিবারিক নির্যাতনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করার ফলে সুরক্ষামূলক আদেশগুলো বিবেচনা ও প্রয়োগের সুযোগ বাড়বে। তবে এসব আদেশ কার্যকরভাবে পর্যবেক্ষণ ও বাস্তবায়ন নিশ্চিত করাও জরুরি।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

সাদিক খানের সবুজ পরিকল্পনায় লন্ডনে ফিরছে সাদা স্টর্ক ও বিভার

যুক্তরাজ্যের এসেক্স বেল হোটেল থেকে সরিয়ে নেওয়া হলো সব আশ্রয়প্রার্থীঃ চুক্তি বাতিল করল হোম অফিস

পূর্ব লন্ডনে বক্সিং তারকার ঘড়ি ছিনতাই