TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে পুলিশ প্রশাসন প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, নারীবিদ্বেষ ও সমকামীবিদ্বেষে জর্জরিত

ব্রিটেনের সবচেয়ে বড় পুলিশ বাহিনী মেট্রোপলিটন পুলিশ এখনো প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, নারীবিদ্বেষ ও সমকামীবিদ্বেষের সমস্যায় আক্রান্ত। তিন বছর আগে পুলিশের সংস্কৃতি ও আচরণ নিয়ে প্রকাশিত এক ভয়াবহ পর্যালোচনার পরও মৌলিক সমস্যাগুলোর উল্লেখযোগ্য সমাধান হয়নি বলে নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে।

বুধবার প্রকাশিত ৩৮৯ পৃষ্ঠার ‘ফেয়ারফিল্ড রিভিউ’ প্রতিবেদনে বলা হয়েছে, মেট পুলিশের মধ্যে এসব কাঠামোগত সমস্যা এখনো রয়ে গেছে। প্রতিবেদনে পুলিশের নেতৃত্বকে বর্ণবাদের বিষয়টি স্বীকার করার ক্ষেত্রে আরও সাহসী হওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনো সমস্যা স্বীকার না করলে তার মুখোমুখি হওয়া সম্ভব নয়, আর সমস্যার মোকাবিলা না করলে পরিবর্তনও আসবে না।

লন্ডনের মেয়র সাদিক খান প্রতিবেদন প্রকাশের পর মেট পুলিশের কমিশনার স্যার মার্ক রাউলি ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমালোচনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, নারীবিদ্বেষ ও সমকামীবিদ্বেষের অস্তিত্ব অস্বীকার বা খাটো করে দেখলে পুলিশের সংস্কৃতিতে পরিবর্তন আনা সম্ভব নয়।

তবে কমিশনার মার্ক রাউলি ফেয়ারফিল্ড রিভিউয়ের দেওয়া ১০টি সুপারিশই গ্রহণ করেছেন। এর মধ্যে বর্ণবাদ ও বিভিন্ন জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের বিষয়টি আরও স্পষ্টভাবে স্বীকার করার সুপারিশও রয়েছে। তবে তিনি বলেন, নির্দিষ্ট কিছু পরিচয় বা শব্দ ব্যবহার নিয়ে রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। তার ভাষায়, বর্ণবাদ, নারীবিদ্বেষ, সমকামীবিদ্বেষ এবং অন্যান্য বৈষম্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেট পুলিশের কোনো আপত্তি নেই।

২০২৩ সালে ব্যারোনেস লুইস কেসির প্রকাশিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনায় মেট পুলিশের সংস্কৃতি ও আচরণ নিয়ে গুরুতর অভিযোগ উঠে এসেছিল। পুলিশ কর্মকর্তা ওয়েন কাউজেন্সের হাতে সারাহ এভারার্ড ধর্ষণ ও হত্যার ঘটনার পর ওই পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়। কেসির প্রতিবেদনে পুলিশের মধ্যে প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, নারীবিদ্বেষ ও সমকামীবিদ্বেষের বিষয়টি চিহ্নিত করা হয়েছিল।

ফেয়ারফিল্ড রিভিউ বলছে, কেসির করা ১৪টি সুপারিশের কোনোটিতেই মেট পুলিশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি। নয়টি সুপারিশে কিছু অগ্রগতি হলেও বাকি পাঁচটিতে অগ্রগতি ছিল সীমিত। ১১ মাস ধরে মাঠপর্যায়ে কাজ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়, পুলিশ বাহিনীতে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, যেমন নিয়োগের আগে যাচাই-বাছাই কঠোর করা এবং অসদাচরণকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে বাহিনীর মৌলিক ভিত্তিগত সমস্যাগুলো এখনো সমাধান হয়নি।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, পুলিশের সংস্কৃতির মূল সমস্যাগুলো সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় কেলেঙ্কারি সামনে আসার আশঙ্কা রয়েছে। চ্যারিং ক্রস পুলিশ স্টেশন নিয়ে বিবিসি প্যানোরামার সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনকেও এ ধরনের সমস্যার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে পুলিশের মধ্যে ‘প্রাতিষ্ঠানিক আত্মরক্ষার প্রবণতা’ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, কোনো কেলেঙ্কারি সামনে এলে সমস্যার সমাধানের চেয়ে গণমাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার দিকে বেশি মনোযোগ দেয় পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়, বিতর্কিত কর্মকর্তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়; ভালো কর্মসংস্কৃতি গড়ে তুলতে আরও গভীর পরিবর্তন প্রয়োজন।

এক পুলিশ কর্মকর্তা পর্যালোচনা দলের কাছে অভিযোগ করেন, বাহিনীতে তরুণী ও নতুন নিয়োগপ্রাপ্ত নারীদের প্রতি শিকারি মনোভাবের আচরণ রয়েছে। ওই কর্মকর্তা বলেন, তাদের বোঝানো হয় যে তারা সহজ লক্ষ্যবস্তু।

মার্ক রাউলি জানিয়েছেন, কেসির প্রতিবেদন প্রকাশের পর থেকে দায়িত্ব পালনের অনুপযুক্ত ১ হাজার ৮০০ পুলিশ কর্মকর্তা ও কর্মীকে বাহিনী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এখনো বাহিনীতে শিকারি মানসিকতার কর্মকর্তা রয়েছেন এবং তাদের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে আসতে থাকবে।

সারাহ এভারার্ড হত্যাকারী ওয়েন কাউজেন্স এবং ধারাবাহিক ধর্ষক ডেভিড ক্যারিক—দুজনই মেট পুলিশের পার্লামেন্টারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রোটেকশন কমান্ডে কর্মরত ছিলেন। কেসির পর্যালোচনায় ওই ইউনিট কার্যত ভেঙে দেওয়ার সুপারিশ করা হলেও মেট পুলিশ তা বাস্তবায়ন করেনি। পরিবর্তে নিজস্ব কাঠামোগত পরিবর্তন আনা হয়। তবে নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিবর্তন এখনো পুরোপুরি কার্যকর হয়নি এবং প্রত্যাশিত ফলও পাওয়া যায়নি।

পুলিশের তদন্ত নিয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে। কয়েকটি পরিবার জানিয়েছে, তদন্তের সময় তাদের সঙ্গে সংবেদনশীল আচরণ করা হয়নি, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি এবং তদন্তের বিভিন্ন পর্যায়ে ব্যর্থতা ছিল। এক স্বজন অভিযোগ করেন, হত্যাকাণ্ডের তদন্ত কীভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলায় মেট পুলিশ বারবার তাকে বিভ্রান্ত করেছে এবং নিজেকে বোকা মনে করিয়েছে।

অন্য একটি পরিবার জানিয়েছে, সিসিটিভি ও বাড়ির দরজার ক্যামেরার ফুটেজ সময়মতো সংগ্রহ করা হয়নি, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং জনসাধারণের কাছে কোনো আবেদনও জানানো হয়নি। কিছু পরিবার এমন অভিযোগও করেছে যে, তাদের স্বজনদের মৃত্যুর তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়ে পুলিশ কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছেন।

লন্ডনের ভিকটিমস কমিশনার আন্দ্রেয়া সাইমন বলেন, শোকাহত পরিবারগুলো প্রায়ই তাকে জানায় যে পুলিশের তদন্ত তাদের মানসিক আঘাত আরও বাড়িয়ে দেয়। এতে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আসার আগেই পুলিশের তদন্তপ্রক্রিয়ার ওপর ভুক্তভোগীদের আস্থা নষ্ট হয়ে যায়।

পুলিশের ভেতরেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর ক্ষেত্রে অনীহা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কর্মীদের ওপর পরিচালিত জরিপে ৮৩ শতাংশ সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ জানাতে আত্মবিশ্বাসী থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে এই হার ৬৪ শতাংশে নেমে আসে। অভিযোগের বিষয়টি আরও জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট হলে আত্মবিশ্বাসের হার অর্ধেকেরও নিচে নেমে যায়।

কর্মক্ষেত্রে হয়রানি ও বুলিংয়ের শিকার হওয়া প্রায় অর্ধেক কর্মীই বিষয়টি কর্তৃপক্ষকে জানাননি। যারা অভিযোগ করেছিলেন, তাদের প্রায় ৭০ শতাংশ জানিয়েছেন, অভিযোগের পর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সমকামী ও এলজিবিটি সম্প্রদায়ের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্কও উন্নত হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। সিরিয়াল কিলার স্টিফেন পোর্টের ঘটনায় পুলিশের গুরুতর ব্যর্থতার পর এই আস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছিল। নতুন পর্যালোচনায় বলা হয়েছে, পুলিশ এখনো এলজিবিটি সম্প্রদায়ের ভুক্তভোগীদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরই দোষারোপ করছে।

প্রতিবেদন প্রকাশের সময় ড. গিলিয়ান ফেয়ারফিল্ড বলেন, অপরাধের শিকার এলজিবিটি সম্প্রদায়ের অনেক মানুষ পুলিশের কাছে অভিযোগ জানাতেই চান না—এমন মানুষের সংখ্যা দেখে তিনি বিস্মিত হয়েছেন।

মার্ক রাউলি বলেন, চার বছর আগে তিনি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার সময় মেট পুলিশ সংকটের মধ্যে ছিল। তার দাবি, নতুন প্রতিবেদন প্রমাণ করে যে পরিবর্তন হচ্ছে। তবে সেই পরিবর্তন যেন পুলিশের প্রতিটি স্তরে কার্যকর হয় এবং দীর্ঘমেয়াদে বজায় থাকে, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

ডেইলি মেইলের বিরুদ্ধে মামলা হেরে বিপাকে প্রিন্স হ্যারিঃ ৯৫ লাখ পাউন্ড পরিশোধের নির্দেশ

নির্বাচন 2024 ইশতেহার: ইউকে প্রপার্টি মার্কেট

নিউজ ডেস্ক

ব্রিটেন ছেড়ে মালয়েশিয়ায় বিলাসী জীবনঃ মাসে খরচ কমেছে ২ হাজার পাউন্ডের বেশি

নিউজ ডেস্ক