TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ভাড়াটিয়াদের আবাসন বাজারে বড় পরিবর্তনঃ জায়গা নিচ্ছে বড় কোম্পানি

ব্রিটেনে ভাড়াটিয়াদের আবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি ও ফ্ল্যাটের পরিবর্তে বড় বড় আবাসন কোম্পানি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভাড়া দেওয়ার বাজারে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে। নতুন এই ব্যবস্থায় ভাড়াটিয়াদের জন্য উন্নত সেবা ও পেশাদার ব্যবস্থাপনার সুযোগ তৈরি হলেও বাড়তি ভাড়া এবং আবাসন বৈষম্যের আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার প্রকাশিত বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে ছোট বাড়িওয়ালাদের একটি অংশ নতুন আইন, কর বৃদ্ধি, ঋণের সুদের হার এবং বাড়তি নিয়ন্ত্রণের চাপে ভাড়ার ব্যবসা থেকে সরে যাচ্ছেন। অন্যদিকে বড় আবাসন প্রতিষ্ঠানগুলো নতুন নতুন ভবন নির্মাণ করে ভাড়া দেওয়ার ব্যবসায় বিনিয়োগ বাড়াচ্ছে।

এই পরিবর্তনের কেন্দ্রীয় বিষয় হলো ‘বিল্ড টু রেন্ট’ (বিটিআর) ব্যবস্থা। এ পদ্ধতিতে বড় কোম্পানি বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিজেরাই আবাসিক ভবন নির্মাণ করে সেগুলো ভাড়া দেয়। ফলে ভাড়াটিয়াদের আর ব্যক্তিগত বাড়িওয়ালার পরিবর্তে বড় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালেও ব্রিটেনে বিল্ড টু রেন্ট খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করছে সম্পত্তি পরামর্শক প্রতিষ্ঠান স্যাভিলস।

ইংল্যান্ডের সরকারি জরিপ অনুযায়ী, দেশটির ৮৩ শতাংশ ব্যক্তিগত বাড়িওয়ালার মালিকানায় চারটি বা তার কম ভাড়া দেওয়া সম্পত্তি রয়েছে। তবে এসব বাড়িওয়ালার অধীনে রয়েছে মোট ভাড়াটিয়া পরিবারের প্রায় ৫১ শতাংশ।

অন্যদিকে স্যাভিলসের ২০২৪ সালের গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও জার্মানিতে প্রায় ৪০ শতাংশ ভাড়ার বাড়ি বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানাধীন। যুক্তরাজ্যে এই হার মাত্র ৩ শতাংশ।

তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে লন্ডন ও ম্যানচেস্টারের মতো বড় শহরগুলোতে বিল্ড টু রেন্ট প্রকল্পের বিস্তার ঘটছে।

২০২৫ সালের মে মাসে কার্যকর হওয়া নতুন ভাড়াটিয়া অধিকার আইন (রেন্টার্স রাইটস অ্যাক্ট) ভাড়াটিয়াদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই আইনে কোনো কারণ ছাড়াই ভাড়াটিয়াকে উচ্ছেদের সুযোগ থাকা সেকশন ২১ নোটিশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে সন্তান রয়েছে—এমন পরিবারের কাছে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করাও বেআইনি করা হয়েছে।

তবে ছোট বাড়িওয়ালাদের একটি অংশের অভিযোগ, নতুন আইন এবং বাড়তি নিয়মকানুন তাদের ব্যবসা পরিচালনা কঠিন করে তুলছে। এর সঙ্গে বন্ধকী ঋণের সুদের হার, কর এবং জ্বালানি দক্ষতাসংক্রান্ত নতুন শর্ত যুক্ত হওয়ায় অনেকে সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে লেক্সি লেভেন্স নামের এক নারী জানান, ২০২১ সালের বড়দিনের আগের দিন তার বাড়িওয়ালা চিঠি দিয়ে তাকে, তার স্বামী ও চার সন্তানকে দুই মাসের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। তখন সেকশন ২১ নোটিশের মাধ্যমে কোনো কারণ না দেখিয়েই ভাড়াটিয়াকে উচ্ছেদ করা সম্ভব ছিল।

পরবর্তী সময়ে তিনি আবাসনবিষয়ক দাতব্য সংস্থা শেল্টারের সঙ্গে ভাড়াটিয়াদের অধিকার বাড়ানোর দাবিতে প্রচারণা চালান। নতুন আইন কার্যকর হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, বাড়িওয়ালাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে ভাড়াটিয়া নির্বাচন করার সুযোগ কমানো ইতিবাচক পরিবর্তন।

তবে সবাই বড় কোম্পানির কাছ থেকে বাড়ি ভাড়া নেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন না।

৪৪ বছর বয়সী ক্লিন্ট স্টিভেনসন দুই বছর ধরে রামসগেট এলাকায় মাসে ৫৫০ পাউন্ড ভাড়ায় একটি এক বেডরুমের ফ্ল্যাটে থাকছেন। তার বর্তমান বাড়িওয়ালার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও ভালো। তিনি বাড়িওয়ালার কুকুর হাঁটাতে নিয়ে যান এবং কেনাকাটায়ও সাহায্য করেন।

ক্লিন্টের বক্তব্য, বড় কোম্পানির তৈরি ভাড়ার আবাসনগুলো তার কাছে অনেকটা শিল্পকারখানার মতো এবং সেখানে ব্যক্তিগত সম্পর্কের সুযোগ কম। পাশাপাশি এসব বাসার ভাড়াও তুলনামূলক বেশি।

কার্ডিফ শহরের একটি উদাহরণ তুলে ধরেছে বিবিসি। সেখানে যুক্তরাজ্যের সবচেয়ে বড় তালিকাভুক্ত বিল্ড টু রেন্ট প্রতিষ্ঠান গ্রেইঞ্জার তাদের দ্য কপার ওয়ার্কস প্রকল্পের ২০ তলায় একটি সম্পূর্ণ আসবাবপত্রসহ স্টুডিও ফ্ল্যাট মাসে ১ হাজার ২৬৫ পাউন্ডে ভাড়া দিচ্ছে।

অন্যদিকে শহরের কেন্দ্র থেকে ১৫ মিনিট হাঁটার দূরত্বে বাগানসহ একটি এক বেডরুমের সম্পূর্ণ আসবাবপত্রযুক্ত ফ্ল্যাটের ভাড়া ৮০০ পাউন্ড।

তবে বেশি ভাড়ার বিনিময়ে গ্রেইঞ্জারের বাসিন্দারা বিনামূল্যে জিম, সিনেমা রুম, ছাদের টেরেস, গেমস রুম, ওয়াইফাই এবং কনসিয়ার্জ সেবা পাচ্ছেন। জরুরি প্রয়োজনে সহায়তার জন্য হেল্পলাইনও রয়েছে। ওই স্টুডিও ফ্ল্যাটের জ্বালানি দক্ষতার রেটিং ইপিসি বি, যেখানে তুলনামূলক কম ভাড়ার ফ্ল্যাটটির রেটিং ইপিসি সি।

গ্রেইঞ্জারের প্রধান নির্বাহী হেলেন গর্ডন বলেন, বড় পরিসরে আবাসন পরিচালনা করার কারণে প্রতিষ্ঠানগুলো উন্নত ব্যবস্থাপনা, কর্মী, প্রযুক্তি ও গ্রাহকসেবা নিশ্চিত করতে পারে। ১১ হাজার বাড়ি পরিচালনা করলে যে ধরনের সেবা ও ব্যবস্থাপনায় বিনিয়োগ সম্ভব, ছোট বাড়িওয়ালাদের পক্ষে তা করা কঠিন।

তার দাবি, বড় কোম্পানির আবাসন ব্যবস্থায় ব্যক্তিগত যোগাযোগের অভাব রয়েছে—এমন ধারণা সঠিক নয়। বাসিন্দারা প্রয়োজন অনুযায়ী কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি ভাড়াটিয়াদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে বিভিন্ন আয়োজনও করা হয়।

বিবিসির তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাজ্যে বিল্ড টু রেন্ট আবাসনের সংখ্যা তিন গুণ হয়েছে। বর্তমানে পুরো ভাড়ার আবাসন বাজারের মাত্র ৩ শতাংশ এই খাতের দখলে থাকলেও গ্রেইঞ্জারের প্রধান নির্বাহী মনে করেন, আগামী ১০ বছরে তা অন্তত ১০ শতাংশে পৌঁছাতে পারে।

সম্পত্তি পরামর্শক প্রতিষ্ঠান স্যাভিলসের আবাসিক গবেষণা বিভাগের প্রধান লুসিয়ান কুক বলেন, ২০১০ সালের পর থেকে বিভিন্ন সরকারি নীতি ছোট বাড়িওয়ালাদের জন্য ভাড়ার ব্যবসা কম আকর্ষণীয় করে তুলেছে।

এর মধ্যে রয়েছে বন্ধকী ঋণের সুদের ওপর করছাড়ের পরিবর্তন, দ্বিতীয় বাড়ি ও ভাড়া দেওয়ার উদ্দেশ্যে কেনা সম্পত্তির ওপর বাড়তি স্ট্যাম্প ডিউটি, নতুন ভাড়াটিয়া অধিকার আইন এবং জ্বালানি দক্ষতার কঠোর শর্ত।

এ ছাড়া আগামী বছর থেকে ভাড়ার আয়সংক্রান্ত করও বাড়ছে। এই কর পরিবর্তন ব্যক্তিগত বাড়িওয়ালাদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও করপোরেট প্রতিষ্ঠানগুলো ভিন্ন নিয়মে করপূর্ববর্তী মুনাফার ওপর করপোরেশন ট্যাক্স দিয়ে থাকে। ফলে বড় প্রতিষ্ঠানগুলোর তুলনায় ব্যক্তিগত বাড়িওয়ালারা বেশি চাপে পড়তে পারেন।

জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের সরকারি তথ্য বিশ্লেষণ অনুযায়ী, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে ইংল্যান্ডের ভাড়ার আবাসন বাজারে নিট ২৭ লাখ ৪০ হাজার বাড়ি যুক্ত হয়েছিল। কিন্তু পরবর্তী ১০ বছরে এই সংখ্যা কমে মাত্র ২ লাখে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ব্রিটেনের আবাসন সংকট মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নতুন বাড়ি নির্মাণ বাড়ানো। ভাড়ার জন্য আরও বাড়ি তৈরি হলে সরবরাহ বাড়বে এবং ভাড়ার ওপর চাপ কমতে পারে। একইভাবে বিক্রির জন্য বাড়ি নির্মাণ বাড়লে যারা ভাড়া না নিয়ে নিজের বাড়িতে থাকতে চান, তাদের জন্যও সুযোগ তৈরি হবে।

তবে উচ্চ সুদের হার ও নির্মাণ ব্যয় বৃদ্ধির কারণে ভবিষ্যতে বিল্ড টু রেন্ট প্রকল্পের গতি কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্যাভিলসের লুসিয়ান কুক। তার মতে, বর্তমান নির্মাণের হার দিয়ে ভাড়ার বাড়ির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হবে না।

এ ছাড়া বড় কোম্পানিগুলোর অধিকাংশ প্রকল্প এখনো শহরের উচ্চ আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণকেন্দ্রিক। শহরতলিতে তুলনামূলক কম ভাড়ার পারিবারিক বাড়ি নির্মাণের উদ্যোগ থাকলেও তা এখনো সীমিত।

ফলে ভবিষ্যতে ব্রিটেনে দুই ধরনের ভাড়ার বাজার তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে উচ্চ আয়ের শহুরে বাসিন্দারা উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন বাড়ি বেছে নিতে পারবেন, অন্যদিকে নিম্ন আয়ের পরিবারগুলো শহরতলিতে সাশ্রয়ী আবাসন খুঁজে পেতে আরও সমস্যায় পড়তে পারে।

বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, সরকার নিজ উদ্যোগে আরও বাড়ি নির্মাণ না করলে কিংবা বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব বাড়িয়ে সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা না করলে নতুন ভাড়াটিয়া অধিকার আইনের মাধ্যমে পাওয়া সুবিধাগুলোও ভবিষ্যতে দুর্বল হয়ে পড়তে পারে।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

আকস্মিক সফরে যুক্তরাজ্যে জেলেনস্কি

যুক্তরাজ্যে আগামী নির্বাচনে বড় জয় পেতে পারে লেবার পার্টি

ব্রিটেনে ২ লাখ ৬৫ হাজার ওয়েস্টার কার্ড ব্যবহারকারীর তথ্য ফাঁসঃ ক্ষমা চাইল ট্রান্সপোর্ট ফর লন্ডন