TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে লাখো কর্মীর ছুটির বেতনে নতুন নিয়মঃ ছয় বছর রেকর্ড রাখতে হবে নিয়োগকর্তাদের

ব্রিটেনে কর্মীদের ছুটির অধিকার ও ছুটির বেতন সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হওয়ায় নিয়োগকর্তাদের জন্য হিসাব সংরক্ষণ ও বেতন নির্ধারণের ক্ষেত্রে নতুন বাধ্যবাধকতা তৈরি হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীদের ছুটির অধিকার, নেওয়া ছুটি এবং ছুটির সময় পরিশোধ করা অর্থের বিস্তারিত রেকর্ড সংরক্ষণ করতে হবে।
নিয়োগকর্তাদের এসব রেকর্ড ছয় বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। কর্মীর চাকরি শেষ হওয়ার সময় ছুটির পরিবর্তে কোনো অর্থ পরিশোধ করা হলে সেই তথ্যও রেকর্ডে রাখতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, সরকারের ৬ এপ্রিল থেকে ফেয়ার ওয়ার্ক এজেন্সি (এফডব্লিউএ) চালুর বিষয়টি অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য জটিলতা তৈরি করছে। ব্রিটেনে বর্তমানে ভ্যাট এবং অথবা পে অ্যাজ ইউ আর্ন (পিএওয়াইই) ব্যবস্থায় নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ২৭ লাখ ৩০ হাজার।
এইচআর কনসালটেন্সি প্রতিষ্ঠান অ্যাজেটসের এইচআর কনসালটেন্সি বিভাগের প্রধান হান্না-জেন ডবিই বলেন, সাধারণত কর্মীদের ছুটির অধিকার হিসাব করে এইচআর বিভাগ এবং ছুটির বেতন হিসাব করে পেরোল বিভাগ। কিন্তু নতুন নিয়মে সব তথ্য একই জায়গায় সংরক্ষণ ও সহজে ব্যবহারের উপযোগী রাখার প্রয়োজন হওয়ায় এইচআর ও পেরোল বিভাগকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।
বিশেষ করে নিয়মিত ওভারটাইম, ভাতা, কমিশন অথবা শিফট প্রিমিয়াম পাওয়া কর্মীদের ছুটির বেতন হিসাব করা জটিল হয়ে উঠছে বলে তিনি জানান। এ ধরনের কর্মীদের ক্ষেত্রে ‘ক্যালেন্ডার মেথড’ ব্যবহার করে ছুটির বেতন হিসাব করতে হয়।
ডবিইর ভাষ্য অনুযায়ী, অনেক নিয়োগকর্তা এখনো এই ক্যালেন্ডার মেথড বা সঠিকভাবে ছুটির বেতন হিসাব করার পদ্ধতি পুরোপুরি বুঝতে পারছেন না। এর ফলে নিয়মিত ওভারটাইম, শিফট প্রিমিয়ামসহ পরিবর্তনশীল বেতনের উপাদান ছুটির বেতনের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত না করায় কিছু কর্মী কম অর্থ পেয়েছেন বলে বিষয়টি শনাক্ত হয়েছে।
তিনি জানান, এসব কম পরিশোধের প্রকৃত পরিমাণ নির্ধারণের পর কিছু নিয়োগকর্তাকে কর্মীদের বকেয়া অর্থ পরিশোধ করতে হতে পারে। কিছু ক্ষেত্রে আগের দুই বছর পর্যন্ত হিসাব পর্যালোচনা করে কর্মীদের প্রাপ্য অর্থ পরিশোধের প্রয়োজন হতে পারে।
নতুন ফেয়ার ওয়ার্ক এজেন্সি কর্মীদের শোষণের ঘটনায় বড় অঙ্কের জরিমানা আরোপ কিংবা ফৌজদারি তদন্ত শুরু করতে পারে—এমন আশঙ্কাও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে তৈরি হয়েছে বলে ডবিই উল্লেখ করেন।
তিনি বলেন, নিয়ম মেনে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার সঙ্গে যোগাযোগ করছেন। তাদের উদ্দেশ্য কর্মীদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হলেও ছুটির বেতন হিসাবের পদ্ধতি জটিল হওয়ায় নিয়োগকর্তাদের মধ্যে এ বিষয়ে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
ছুটির বেতনের হিসাব একবার করলেই হবে না বলেও তিনি সতর্ক করেন। একজন কর্মী যখনই ছুটি নেবেন, তখন তার ছুটির বেতন হিসাব করতে হবে। ফলে একজন কর্মীর ক্ষেত্রে বছরে একাধিকবার এই হিসাব করার প্রয়োজন হতে পারে।
ডবিইর মতে, বিশেষ করে অভিজ্ঞ এইচআর ও পেরোল বিভাগ নেই—এমন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নতুন নিয়মের প্রয়োজনীয় কাগজপত্র ও হিসাব সংরক্ষণ নিয়ে সমস্যার মুখে পড়ছে।
সূত্রঃ বার্মিংহাম মেইল
এমকে

আরো পড়ুন

ব্রিটেনকে ‘ইউনাইটেড স্টেটস অব ইউরোপে’ যোগ দেওয়ার প্রস্তাব ফরাসি প্রেসিডেন্ট পদপ্রার্থীর

বয়সের কারণে শুরুতেই টিকা পাচ্ছেন ব্রিটেনের রানি

যুক্তরাজ্যে যৌন নির্যাতনের ধামাচাপা ইতিহাস উন্মোচিত হতে যাচ্ছে