TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ২ লাখ ৬৫ হাজার ওয়েস্টার কার্ড ব্যবহারকারীর তথ্য ফাঁসঃ ক্ষমা চাইল ট্রান্সপোর্ট ফর লন্ডন

ব্রিটেনের লন্ডনে গণপরিবহনে ব্যবহৃত ওয়েস্টার কার্ডের প্রায় ২ লাখ ৬৫ হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য অননুমোদিতভাবে অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিস্টেমে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হওয়ার পর এ তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে সংস্থাটি।

প্রকাশিত এক বিবৃতিতে টিএফএল জানায়, গত সোমবার তাদের ওয়েস্টার ফটোকার্ড ব্যবস্থায় সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হয়। ওই দিন বেশ কয়েকজন কার্ডধারী অভিযোগ করেন, আগে থেকেই সক্রিয় অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও তাদের নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য ইমেইল পাঠানো হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ওয়েস্টার ফটোকার্ডের ওয়েবসাইট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তদন্তের প্রাথমিক পর্যায়ে প্রায় ২ লাখ ৬৫ হাজার গ্রাহকের অ্যাকাউন্টের তথ্য অননুমোদিতভাবে ব্যবহার বা হাতিয়ে নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে টিএফএল।

সংস্থাটি জানিয়েছে, প্রভাবিত গ্রাহকদের নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, বাসার ঠিকানা, জন্মতারিখ এবং নিরাপত্তা প্রশ্ন ও সেসব প্রশ্নের উত্তর ফাঁস হয়েছে।

তবে প্রাথমিক তদন্তে গ্রাহকদের পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা পেমেন্ট কার্ডের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে যাতায়াতের ইতিহাস এবং জিপ ওয়েস্টার কার্ড ব্যবহারকারী শিশুদের নাম ও জন্মতারিখও সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার গ্রাহকদের পাঠানো সতর্কবার্তায় টিএফএল জানায়, ১৬ নভেম্বর তাদের ওয়েস্টার ফটোকার্ড ওয়েবসাইটে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হওয়ার পর অননুমোদিত প্রবেশ ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনার ফলে গ্রাহকদের ওয়েব অ্যাকাউন্টে সংরক্ষিত ব্যক্তিগত তথ্যের কিছু অংশ অননুমোদিতভাবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। এ জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

ঘটনাটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা ইনফরমেশন কমিশনারস অফিসে (আইসিও) জানানো হয়েছে।

টিএফএলের প্রযুক্তি কৌশল ও রাজস্ব বিভাগের পরিচালক শশী ভার্মা বলেন, ১৬ নভেম্বর ওয়েস্টার ফটোকার্ড গ্রাহকদের কাছ থেকে অস্বাভাবিক ইমেইল পাওয়ার বিষয়টি জানার পরপরই তারা ওয়েবসাইট বন্ধ করে তদন্ত শুরু করেন।

তিনি বলেন, গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও প্রায় ২ লাখ ৬৫ হাজার গ্রাহকের অ্যাকাউন্টের তথ্য ঝুঁকির মুখে পড়েছে বলে এখন ধারণা করা হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ ঘটনায় যেসব ধরনের কার্ড ব্যবহারকারীরা প্রভাবিত হয়ে থাকতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে ৫ থেকে ১০ বছর, ১১ থেকে ১৫ বছর এবং ১৬ বছরের বেশি বয়সীদের জিপ ওয়েস্টার কার্ড, ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ওয়েস্টার কার্ড, ১৮ থেকে ২৫ বছর বয়সী কেয়ার লিভারদের কার্ড, ৬০ বছরের বেশি বয়সীদের লন্ডন ওয়েস্টার ফটোকার্ড, শিক্ষানবিশদের কার্ড এবং সাবেক সামরিক সদস্যদের জন্য নির্ধারিত ওয়েস্টার কার্ড।

তবে তথ্য ফাঁসের ঘটনা ঘটলেও যাত্রীদের স্বাভাবিক যাতায়াতে কোনো বাধা সৃষ্টি হয়নি। ওয়েস্টার ফটোকার্ড ব্যবহার করে আগের মতোই বাস, ট্রেন ও অন্যান্য গণপরিবহনে যাতায়াত করা যাবে। লন্ডন আন্ডারগ্রাউন্ড ও ন্যাশনাল রেল স্টেশনের টিকিট মেশিন থেকেও কার্ডে টাকা যোগ করা যাবে।

কিন্তু অনলাইনে গ্রাহক অ্যাকাউন্টে প্রবেশের সুবিধা আপাতত বন্ধ রয়েছে। কার্ড নবায়ন কিংবা যাতায়াতের পুরোনো তথ্য জানার প্রয়োজন হলে গ্রাহকদের টিএফএলের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

টিএফএল জানিয়েছে, কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ওয়েবসাইটের সেবাগুলো যত দ্রুত সম্ভব পুনরায় চালু করার চেষ্টা চলছে।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র

যুক্তরাজ্যে ফ্লাইট বিশৃঙ্খলায় হাজারো যাত্রী আটকা, দুর্বল যোগাযোগে ক্ষোভ প্রকাশ

ট্রেন স্টেশনে সাক্ষাৎকার ‘অন্যায্য’: —আদালতে জিতলেন বাংলাদেশি কর্মী